
খুব শীঘ্রই জি-বাংলার পর্দায় আসছে নতুন মেগা ‘কমলা নিবাস’। ধারাবাহিকের ঝলক আপনারা আগেই দেখেছেন। এই মেগার সবচেয়ে বড় চমক হল নায়ক-নায়িকা। এক মধ্যবয়সী দম্পতির ভুমিকায় লিড রোলে অভিনয় করতে চলেছেন দেবশঙ্কর হালদার ও সোহিনী সেনগুপ্ত। ইতিমধ্যেই জানা গিয়েছে গল্পে শ্রীনিবাস বাবু ও কমলাদেবীর দুই মেয়ের চরিত্রে থাকছেন দেবাদৃতা বসু এবং সংহতি বন্দ্যোপাধ্যায়।
বিশেষ চমক হিসাবে দেবাদৃতা বসুর বিপরীতে এই মেগায় দেখা যাবে টলিউড সুপারস্টার পরমব্রত চ্যাটার্জিকে। খবরটি সামনে আসতেই ইতিমধ্যেই দর্শকদের উত্তেজনা একেবারে তুঙ্গে। এরই মধ্যে জানা গেল ধারাবাহিকের আরও এক চরিত্রের কথা। ‘কমলা নিবাস’ -এ এন্ট্রি নিতে চলেছেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা।
যদিও বর্তমানে আর্য-অপর্নার গল্প থেকে বিদায় নিয়েছেন অভিনেতা। তবে নতুন ধারাবাহিকে আবারও নতুন চমক নিয়ে আসতে চলেছেন চিরদিনই-র হিন্দোল ওরফে মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। যদিও তার চরিত্র সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে আসন্ন নতুন মেগায় গুরুত্বপূর্ণ চরিত্রেই থাকবেন মৃত্যুঞ্জয়। এর আগেও অভিনেতাকে দেখা গিয়েছে খনার কাহিনী, নিম ফুলের মধু এবং তুমি আশেপাশে থাকলে-র মত জনপ্রিয় ধারাবাহিকে।

