
একটা সময় সিনেমা হলে আলো নিভতেই অভিনেতার এক ঝলক দেখার জন্য দর্শকের উত্তেজনা থাকত তুঙ্গে। আজ সেই কিংবদন্তি অভিনেতা আর নেই। তার পরিচয় সুধু অভিনেতা নয়। মার্শাল আর্টের বিশ্বে তিনি ছিলেন বাস্তবের যোদ্ধা। আজও সিনেমায় তার অভিনয়ের দৃশ্য ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত। এরপর একের পর এক অ্যাকশন ছবি, যেখানে তিনি শুধু খলনায়কদের হারাননি, দর্শকের মনেও জায়গা করে নিয়েছেন।
৮৬ বছর বয়সে চিরবিদায় নিলেন হলিউডের অ্যাকশন কিংবদন্তি অভিনেতা চাক নরিস। তাঁর এই প্রয়াণে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। শৈশবে দারিদ্র্যের মধ্যেই বড় হয়ে ওঠা নরিস, এরপর কেরিয়ারের শুরুতে মার্কিন বিমানবাহিনীতে কাজ করার সময়ই তাঁর জীবনে ঢুকে পড়ে মার্শাল আর্ট। সেখান থেকেই শুরু—তারপর ধীরে ধীরে বিশ্বচ্যাম্পিয়ন, প্রশিক্ষক, এবং অবশেষে সিনেমার পর্দায় এক অপ্রতিরোধ্য জার্নি।
ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন একজন মার্জিত মানুষ। পরিবার, বিশ্বাস, এবং সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা ছিল স্পষ্ট। তিনি বহু দাতব্য কাজেও যুক্ত ছিলেন, বিশেষ করে তরুণদের জন্য মার্শাল আর্ট প্রশিক্ষণ।
জীবনের শেষ পর্বেও তিনি অভিনয় চালিয়ে গিয়েছেন। তাঁর প্রয়াণে এক যুগের অবসান ঘটল, তবে তাঁর অবদান ও জনপ্রিয়তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

