
বৃহস্পতিবার সকালেই ফের চাঞ্চল্য়কর খবর ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সেই মিষ্টি সংলাপ আর দুষ্টুমি ভরা অভিনয় আজও দর্শকদের চোখে ভাসে। প্রায় ৫০টিরও ছবিতে তিনি শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন। মাত্র ২৭ বছরেই চলে গেলেন জনপ্রিয় খুদে অভিনেতা। তবে স্বাভাবিক মৃত্যু নয়, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যার চেষ্টা করেন অভিনেতা।
প্রয়াত অভিনেতা হরি মুরালি। ১২ মার্চ, সকালেই পৈয়ানুরের বাড়িতে হরির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কী এমন অভিমান বা অবসাদ গ্রাস করেছিল হরিমুরালিকে, যার জন্য তাঁকে আত্মহত্যার মতো চরম পথ বেছে নিতে হল?
খুব অল্প বয়স থেকেই ক্যামেরার সামনে দাপিয়ে অভিনয় করেছেন হরি। বড় হওয়ার পর হরি অভিনয় জগত থেকে কিছুটা দূরত্ব তৈরি করেছিলেন। তবে তিনি সিনেমা জগত ছাড়েননি। পেশা হিসেবে বেছে নিয়েছিলেন ভিএফএক্স (VFX) এডিটিংকে। একজন দক্ষ ভিএফএক্স আর্টিস্ট হিসেবে তিনি ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা পরিচিতি তৈরি করছিলেন।
ছোটবেলায় টিভি সিরিয়াল দিয়ে কাজ শুরু করলেও পরিচালক লাল জোসের ‘রসিকন’ ছবির হাত ধরে বড় পর্দায় তাঁর অভিষেক ঘটে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। নাদির শাহের ‘অমর আকবর অ্যান্থনি’ ছবিতে পৃথ্বীরাজের ভাইয়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। হরি মুরালির এমন আকস্মিক মৃত্যুর খবরে শোকাহত গোটা মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি। দক্ষিণী ছবির এই উজ্জ্বল নক্ষত্রের বিদায়ে শোক প্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির তাবড় ব্যক্তিত্বরা।

