‘আমি ওনার মত বিজ্ঞ নই যে… এত বড়মাপের ক্রিকেট তারকা হয়ে এমন আচরণ…,’ সৌরভের মন্তব্যে পাল্টা কটাক্ষ স্বস্তিকার

স্বস্তিকা

বরাবরই ঠোঁটকাটা স্বস্তিকা। রেখেঢেকে কথা বলাটা কোনওদিনই আসে না তার। এবার এক সাক্ষাৎকারে চাঁচাছোলা ভাষায় সৌরভ গাঙ্গুলিকে কটাক্ষ করলেন অভিনেত্রী। রাহুলের শোকবার্তায় সৌরভকে বলতে শোনা গেছিল “শ্যুটিংয়ের কাজে হলেও কেন যে ও জলে নামতে গিয়েছিল জানি না।” এবার এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক।

আডিশনকে স্বস্তিকা বলেন, ‘আমি তো সৌরভ গাঙ্গুলির মতো বিজ্ঞ নই, যে সব বিষয়ে মন্তব্য় করব। যে রাহুলের মৃত্যু নিয়ে উনি বলেছেন, জলে-টলে কেন নামল। বাঞ্জি জাম্পিং-টাম্পিং কেন করা হয়? আমরা যখনই এই ধরণের শব্দ ব্যবহার করি জল-টল, হেনা-তেনা, তখন বিষয়টাকে খুব ছোট করে দেখানোর প্রবণতা আছে। আমাদের ভাষার মধ্য়েই বিষয়টাকে ছোট করা হয়ে যায়। ওঁনার মতো আন্তর্জাতিক এক ক্রিকেট তারকার আরেকটু কনসাস হওয়া উচিত ছিল না?’ স্বস্তিকা স্পষ্ট বলেন, কোনও ক্রিকেটারের মৃত্য়ু হলে, তাঁর কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি শোকজ্ঞাপন করতে পারেন।

‘উনি সৌরভ গাঙ্গুলি হয়ে এসি ফ্লোরের মধ্য়ে নন-ফিকশনের শ্য়ুটিং করেন। কিন্তু শ্যুটিং-ফুটিং ইন্ডাস্ট্রিতে কীভাবে হয়-টয়. সেটা ওঁনার জানার কথা নয়। কারণ উনি এতই বড়মাপের স্টার যে ওঁনার অসুবিধা-টসুবিধাগুলো হওয়ার কথা নয়। উনি কোটি কোটি টাকা পারিশ্রমিক নিয়ে কাজ করবেন, উনি যা চাইবেন ওঁনাকে তাই দেওয়া হবে। ওনার এই মন্তব্য়টাই করা উচিত নয়’।

স্বস্তিকা বলেন, গোটা বিষয়টা সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের ভাবনার বাইরে। তাঁর কথায়, ‘আরজি করের সময় থেকেই দেখছি উনি এই ধরণের মন্তব্য করেন’। অভিনেত্রী স্পষ্ট বলেন, অভিনেতারা সেফটি নিয়ে প্রশ্ন তুলে কাজ করতে অস্বীকার করলে তাঁকে সহজেই বাদ দেওয়া হবে, তার জায়গায় অন্য় কেউ চলে আসবে। আর তুমি প্রতিবাদ করলে দাগিয়ে দেওয়া হবে ‘তোমার অনেক ট্রানট্রম, তুমি প্রোডাকশন ফ্রেন্ডলি নও’।