
টেলিভিশনের পর্দায় পরিচিত মুখ অভিনেত্রী সুস্মিতা রায়। তার আরও একটি পরিচয় তিনি সব্যসাচী চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী, অন্যদিকে সায়কের কূটনি বৌদী। যদিও সেই সম্পর্ক এখন অতীত। স্বামী সব্যসাচীর সঙ্গে বিচ্ছেদের ছয় মাসের মাথায় নিজের আলাদা পরিচিতি গড়েছেন সুস্মিতা। আজ একজন সফল ব্যবসায়ী।
সুস্মিতার অতীতে রয়েছে এক বড় কালোছায়া। ডেলিভারির সময় তার প্রথম সন্তানের মৃত্যু হয় চিকিৎসকের ভুলে। তারপরেও আর কখনও মা হওয়ার স্বপ্ন পূরণ হয়নি সুস্মিতার। গোছানো সংসার ভেঙে আজ অভিনেত্রী একেবারেই একা। তবে মা হওয়ার ইচ্ছেটা বরাবরই মনের বাসনা ছিল তার।
একসময় ইটিভি ভারতের এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেছিলেন, ‘আমি মনে করি ওটা আমার আর একটা জন্ম ছিল ৷ জীবনের একটা পার্ট ৷ ঘটেছে একটা ঘটনা ৷ যেদিন থেকে আমি বুঝতে শিখেছি সেদিন থেকেই বাচ্চা, সংসার আমার চাই ৷ কাজের পাশাপাশি এটাও আমি ভীষণভাবে চাই ৷ অনেক সময় পরিস্থিতি সঙ্গ দেয় না ৷ জানি না কোনওদিন বাস্তবায়িত হবে কি না ৷ আমি ভীষণভাবে মা হতে চাই ৷’
সুস্মিতা আরও জানিয়েছিলেন, ‘আমি আমার প্রথম সন্তানের মৃত্যুতে কাঁদতে পর্যন্ত পারিনি ৷ সি সেকশন হওয়ার পর যে কোনও মা তার সন্তানের মুখ দেখে অপারেশনের যন্ত্রণা ভুলে যায় ৷ আমার পেটে যেহেতু কাটা ছিল কাশতে পর্যন্ত পারছিলাম না ৷ কাঁদতে গেলে তো শরীরে ঝাঁকুনি হবে ৷ সেটা হলেও অপারেশনের জায়গায় টান পড়বে ৷ ফলে আমার ইমোশনটাকে মেরে ফেলেছিলাম ৷ আমার স্বামী (সব্যসাচী চক্রবর্তী) হয়তো একটু কেঁদে ছিল ৷ কিন্তু আমার সামনে নয় ৷’
