
সাংবাদিক সব্যসাচীর সাথে বিচ্ছেদের পর সদ্যই নতুন করে সংসার পেতেছেন অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায়। আর বিয়ের পরেই সুস্মিতার বিয়ে ঘিরে চর্চা সোশ্যাল মিডিয়ায়। সায়ক চক্রবর্তীর পরিবারের সাথে সুস্মিতার কাঁদা ছোঁড়াছুড়ি এবং চতুর্থবার বিয়ে করায় সমাজ মাধ্যম উত্তাল। তাঁকে বহু মানুষ যেমন শুভেচ্ছা জানিয়েছেন, তেমন কটাক্ষও করেছেন অনেকে।
সব কটাক্ষ উপেক্ষা করে নিজের জীবনে বিশেষ দিনের সমস্ত মুহূর্ত নিজের ব্লগে তুলে ধরছেন অভিনেত্রী। সম্প্রতি বর্তমান স্বামী অর্থাৎ ব্যবসায়ী শুভাশিষ দে’র সাথে মালা বলদে একটি ভিডিও শেয়ার করে নিজের মনের কথা স্বামীর উদ্দেশ্যে সমাজ মাধ্যমে উজাড় করে দিলেন সুস্মিতা।
সুস্মিতার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে পান পাতা সরতেই আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। বরের সামনে হাউ হাউ কেঁদে ফেলেন। সেই ভিডিও শেয়ার করেই সুস্মিতা লেখেন, “আজকের এই মুহূর্তটা শব্দে বোঝানো সত্যিই খুব কঠিন…মনে হচ্ছে, জীবনের এতদিনের সব পথ যেন এসে মিশেছে এই একটুখানি সময়ে। আজ আর কিছু হারানোর ভয় নেই… কারণ সত্যি বলতে, আমার নিজের বলে কিছুই আর বাকি রাখিনি। যতটুকু ছিল—আমার সমস্ত স্বপ্ন, না বলা কথা, অগোছালো অনুভূতি, ভালোবাসার প্রতিটা কণা—সবটুকুই নিঃশব্দে তুলে দিলাম তোমার হাতে।”
অভিনেত্রী আরও লেখেন, “এটা শুধু একটা বিয়ে নয়…এটা আমার নিজের অস্তিত্বকে আরেকটা মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার এক গভীর প্রতিশ্রুতি। যেন নিজের ভেতরের সব আলো, সব অন্ধকার—দুটোই একসাথে ভাগ করে নেওয়ার সাহস। হয়তো জীবনে অনেকবার নতুন করে শুরু করা যায় না…কিন্তু আজ মনে হচ্ছে, এটাই সেই শেষবার—যেখানে আমার জীবনের সমস্ত শক্তি, সমস্ত অনুভূতি দিয়ে আমি আবার নতুন করে বাঁচতে চাই…তোমার সাথে, তোমার হাত ধরে। আজ থেকে আমার একা পথচলা শেষ…।”
