
গঙ্গোপাধ্যায় পরিবারের জামাই স্বয়ং রাজ চক্রবর্তী হলেও কাজের সুযোগ মেলেনি দেবশ্রীর। বাংলা ছবির বর্তমান পরিস্থিতি দেখেই নতুন পেশায় পা রাখতে চলেছেন দেবশ্রী।
এবার অভিনয়কে সরিয়ে রেখে ফ্যাশন দুনিয়ায় পা রাখতে চলেছেন শুভশ্রীর দিদি দেবশ্রী। পোশাক নয়, অলঙ্কারের প্রতি তার ঝোঁক বরাবরই। নিজেও নিত্যনতুন গয়নায় সাজেন। তাঁর পছন্দ মুগ্ধ করে বাকিদের। সবাই জানতে চান, “এত অন্য রকম গয়না বাছিস কোথা থেকে?” এই ভিন্ন ধারার গয়নাই দেবশ্রীর ‘ইউএসপি’।
আনন্দবাজারকে দেবশ্রী জানান, “বরাবর ফ্যাশন নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। অবশেষে সেটা বাস্তব হচ্ছে। পরিবারের সবাই পাশে বলেই সেই স্বপ্নপূরণ হচ্ছে।”
মধ্যবিত্ত গয়না ভালবাসেন। কিন্তু আকাশছোঁয়া দাম তাঁদের ইচ্ছাকে বাস্তব হতে দেয় না। দেবশ্রী সাধ্য আর সাধকে এক সুতোয় গাঁথতে চলেছেন। আগামী ছ’মাস তিনি সাধারণের জন্য গয়না বানাবেন। দেবশ্রীর কোথায়, “তারপর স্বপ্ন দেখি, পর্দায় আমায় গয়নায় নায়ক-নায়িকা, অভিনেতা-অভিনেত্রীরা সেজে উঠবেন।”
তাহলে কি আর অভিনয়ে ফিরবেন না দেবশ্রী? দেবশ্রীর জবাব, “অভিনয়ে পাকেচক্রে এসে পড়েছি। আপনারা ভালবেসে ‘অভিনেত্রী’র সম্মান দিয়েছেন। কিন্তু আমি তো জানি, এত ভাল অভিনেত্রী নই যে, ইন্ডাস্ট্রি ডেকে কাজ দেবে। তা ছাড়া, চরিত্রাভিনেতাদের পারিশ্রমিক খুবই কম।” সব মিলিয়ে তাই নিজের প্যাশনকেই পেশা হিসাবে বেছে নিলেন তিনি।
