‘সাহস থাকলে সামনে আসুন… আমার সন্তানদের আড়াল থেকে…’, আচমকাই মেজাজ হারালেন সুদীপ

সুদীপ মুখোপাধ্যায়

রাহুলের মৃত্যু শোকের আবহেই ‘চিরসখা’ ও ‘ভোলে বাবা পার করেগা’-র মতো ধারাবাহিকের পথচলা থেমে যাওয়া – সব মিলিয়ে কার্যত ফুঁসছে ইন্ডাস্ট্রি। তবে এই পরিস্থিতির সুযোগ নিয়ে এক শ্রেণির সমাজমাধ্যম ব্যবহারকারী যেভাবে শিল্পী ও তাঁদের পরিবারকে লক্ষ্য করে কুৎসিত আক্রমণ চালাচ্ছে, তাতে এবার মেজাজ হারালেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়।

অভিনেতার ক্ষোভের মূল কারণ হলো তাঁর পরিবারকে জড়িয়ে করা কুরুচিকর মন্তব্য। রাহুলের মৃত্যুর পর সেভাবে নিজের প্রযোজনা সংস্থার সমালোচনা করেননি সুদীপ-অপরাজিতারা। তাতেই চটেছেন অনেকে। অম্বরীশ,রাজন্যা, রেশমি সেনরা লীনার হাত ছাড়লেও সে পথে হাঁটেননি সুদীপ। সেই কারনেই কি কু-মন্তব্য শুনতে হচ্ছে অভিনেতাকে।

অভিনেতার কড়া বার্তা নিয়ে রীতিমত চর্চা নেটপাড়ায়। সুদীপ লিখেছেন, ‘আড়াল থেকে যুদ্ধ না করে, আসুন না, একটু সামনাসামনি বসি। আপনাদের অভিযোগ, খিস্তি সামনে থেকেই শুনি। যে সংহতি আপনারা খিস্তি করার জন্য দেখিয়ে থাকেন, সেই সংহতি দেখিয়ে একসঙ্গে সামনাসামনি হোন।’

সুদীপ আরও লেখেন, ‘আপনারা অর্গানাইজ (Organise) করে জানান, আমি পৌঁছে যাব। আপনারা প্রাণভরে আমাকে, আমার মা-বাবাকে, আমার সন্তানদের খিস্তি করবেন, তবে সামনাসামনি।’

প্রসঙ্গত, লীনা গঙ্গোপাধ্য়ায়ের লেখা স্বতন্ত্র চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা দিয়েছে সুদীপকে। নতুন কাকু হিসাবে দারুণ সাফল্য পেলেও গত কয়েকদিনের পরিস্থিতি সবটা বদলে দিয়েছে। কিন্তু এখন একদিকে সেটের নিরাপত্তা নিয়ে ক্ষোভ, অন্যদিকে কাজ হারানোর আতঙ্ক। সেক্ষেত্রে নেগেটিভ কমেন্টে বিস্ফোরক দাবি জানালেন সুদীপ।