
দীর্ঘদিনের প্রেমিক গেভ সাতারাওয়ালাকে ২০০৯ সালে বিয়ে করেছিলেন তনুশ্রী শঙ্কর ও আনন্দ শঙ্করের কন্যা শ্রীনন্দা শঙ্কর। পার্সি স্বামীর সঙ্গে মুম্বইয়ে ঘর বেঁধেছিলেন তনুশ্রী শঙ্কর কন্যা। তবে ১৬ বছরের সম্পর্কে আচমকাই ফাটল ধরে। ২০২৫ শেষ হওয়ার আগেই ডিভোর্সের পথে হাঁটেন এই দম্পতি।
তবে শ্রীনন্দা শঙ্করের ১৬ বছরের সুখের সংসার কেন ভেঙে গেল? এই প্রসঙ্গেই এবার স্টেট আপ উইথ শ্রীর পডকাস্টে এসে মুখ খুললেন শ্রীনন্দা। এই সাক্ষাৎকারে স্বামীর সাথে ডিভোর্স নিয়ে শ্রীনন্দা বলেন, ‘আমি আমার সিদ্ধান্তে খুশি, আমার বিচ্ছেদ নিয়ে আমার মধ্যে কোনও আক্ষেপ নেই। আমি দুঃখী নই। হ্যাঁ, অবশ্যই আমার নিজের ঠিক হতে কিছুটা সময় লেগেছে। কিন্তু আমার মনে হয় সেসব মহিলারা বিচ্ছেদের পথে হাঁটছেন তাঁদের উচিত সেই বিচ্ছেদ বা ডিভোর্সটা খুশি মনে মেনে নেওয়া। এটাকে খারাপ ভাবে দেখার কোনও মানে হয় না। কারণ এমন কোনও কারণেই তিনি এই পথ বেছে নিয়েছেন যেখানে তিনি নিজের মতো থাকতে পারছিলেন না।’

শ্রীনন্দা জানিয়েছেন, ‘মানুষ বদলে যায়, বদলে যায় পরিস্থিতিও। কিন্তু সেখানে আপনি আপনার মতো করে থাকতে চাইবেন কিনা সেটা কিন্তু আপনার ইচ্ছে। যদি বিচ্ছেদের আপনি খুশি হন তাহলে সেটাই করুন। সেটা নিয়ে ‘এ মা, ছিঃ ছিঃ, বলবো না’ এটা করার কিছু নেই। বিয়ে তো অনেকে অনিচ্ছাকৃত করে, আমি তো ইচ্ছে থেকেই করেছিলাম। একটা মানুষ সময়ের সঙ্গে কীভাবে পাল্টে যায় সেটা তো আমাদের হাতে থাকে না। সেই হিসেবে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আর আমি এই সিদ্ধান্তে খুশি। এটা একটা মিউট্যুয়াল সিদ্ধান্ত। ও খুশি, আমি খুশি।’
