
রাহুলের অকালমৃত্যু নিয়ে বেফাঁস মন্তব্য করে বড়সড় ট্রোলের মুখে পড়েন সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘কেন যে ও জলে-টলে নামতে গেল, সেটাই আমি বুঝতে পারছি না।’, বলেন দাদা। আর তাতেই চটে লাল সকলে। অনেকেই এভাবে ‘জলে-টলে’ বলাকে রাহুলের প্রতি অপমান ও অবজ্ঞা হিসেবে ধরেছেন।
তবে একদিকে যখন সৌরভকে ঘিরে বিতর্কের ঘনঘটা ঠিক তখনই সামনে এলো জয়জিতের পোস্ট। যা রীতিমত চমকে দেয় সকলকে। জয়জিতের দাবি, সৌরভ তাঁকে পুরোপুরি বদলে দিয়েছেন। তা কী এমন করলেন দাদা?
আসলে জয়জিৎকে অরিরিক্ত ওজন কমাতে সাহায্য করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজে ডায়েট চার্ট দিয়েছেন, এমনকী ফোন করে খোঁজখবরও নিতেন কতটা ওজন কমেছে। জয়জিৎ লেখেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায়দা দাদাগিরিতে দেখে আমাকে বলেছিলে কি হচ্ছে এটা? ভুঁড়িটা কমাও। আমাকে বলেছিলে রাত্রে কথা বলছি। রাতে কথা, ডায়েট চার্ট পাঠানো এবং মাঝে মাঝে ওজনের আপডেট। বেশী ওজন নয় প্রয়োজন। ৯০ থেকে এখন ৭৬ কিলো। ধন্যবাদ দাদা।’
সৌরভ গঙ্গোপাধ্যায়ও কিন্তু বরাবরই বেশ স্বাস্থ্যসচেতন। ডায়েটের পাশাপাশি শরীরচর্চাতেও থাকে তার কড়া নজর। একসময় খেলাধুলোর কারণে অ্যাক্টিভ থাকতেন বেশি। ফলে খেতেনও জমিয়ে। তবে বর্তমানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রাশ টেনেছেন খাবারে। বিশেষ করে ২০২১ সালের হার্টের সমস্যা হওয়ার পর থেকে, খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন এসেছে।
কার্বোহাইড্রেট বর্জন করার জন্য, সৌরভ এখন ভাত এবং রুটি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন। সঙ্গে ডায়েট থেকে চিনি পুরোপুরি বাদ। তাঁর খাবারের তালিকায় এখন প্রোটিনের আধিক্য বেশি। তিনি মাছ এবং মুরগির মাংস খেলেও মটন বা চিংড়ির মতো উচ্চ ক্যালোরি ও কোলেস্টেরলযুক্ত খাবার এড়িয়ে চলেন।
