‘টাকা উপার্জনের নেশায় মরা শাশুড়ির শেষযাত্রার ভ্লগিং করতে হচ্ছে…’, প্রবাসে ঘরকন্নার মহুয়াকে নিয়ে নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়

মহুয়া গঙ্গোপাধ্যায়

‘নমস্কার, কেমন আছেন সবাই। প্রবাসের ঘরকন্নায় সবাইকে স্বাগত’— এই অতি পরিচিত মিষ্টি সম্বোধনে যিনি প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের মুঠোফোনে পৌঁছে যান, তিনি মহুয়া গঙ্গোপাধ্যায়।  ‘প্রবাসে ঘরকন্না’ ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রবাস জীবনের খুঁটিনাটি তুলে ধরে তিনি জয় করেছেন আট থেকে আশির মন।

কিন্তু সেই জনপ্রিয়তাই এখন তাঁকে দাঁড় করিয়ে দিয়েছে এক কঠিন সমালোচনার মুখে। কদিন আগেই মহুয়ার শাশুড়ি প্রয়াত হন। খবর পাওয়া মাত্রই বিদেশ থেকে সপরিবারে দেশে ছুটে আসেন তিনি। শাশুড়ির শেষযাত্রার ভ্লগিং করতেই রীতিমতো ট্রোলের মুখে পড়তে হল মহুয়াকে।

শাশুড়ির মরদেহ হাসপাতাল থেকে বাড়ি আনা, তাঁকে শ্মশানে গিয়ে দাহ করা, সমস্তটাই ভ্লগে তুলে ধরেছেন মহুয়া। আর এই ‘ব্যক্তিগত শোক’কে ক্যামেরার সামনে আনা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশ ক্ষোভে ফেটে পড়েছেন। তাঁদের অভিযোগ, অনেকের মতে, প্রিয়জনের মৃত্যু অত্যন্ত ব্যক্তিগত বিষয়, তা ভিডিও করে ভিউ বাড়ানো বা উপার্জনের মাধ্যম হওয়া উচিত নয়।

কেউ কেউ সরাসরি আক্রমণ করে লিখেছেন, “টাকা উপার্জনের নেশায় মানুষ কি নিজের আবেগকেও পণ্য বানাচ্ছে?” বিমানের টিকিট কাটার খরচ তোলার জন্য এই ভিডিও— এমন কটু মন্তব্যও করতে ছাড়েননি সমালোচকরা। এমনকি মহুয়ার স্বামী মানিকবাবুর শরীরী ভাষা নিয়েও কাটাছেঁড়া চলেছে সোশ্যাল মিডিয়ায়।

মহুয়াকে তাঁর ভ্লগেই বলতে শোনা যায়, ‘কোনোভাবেই টাকা রোজগার করা তাঁর উদ্দেশ্য নয়। তাই ভিডিয়োর মনিটাইজেশন বন্ধ রাখবেন- ‘মনিটাইজেশন বন্ধ রাখব। ফেসবুকে মনিটাইজেশন বন্ধ করতে জানি না। তাই ফেসবুকে দেব না…’!

মহুয়া গঙ্গোপাধ্যায়