‘আমার পক্ষে আর সম্ভব নয়… তাই বাধ্য হয়েই ছাড়লাম…’, টানা ১৪ ঘন্টা শুটিং, বড় সিদ্ধান্ত নিলেন ছোটপর্দার ‘উজি’ ওরফে আরাত্রিকা

আরাত্রিকা মাইতি

‘খেলনা বাড়ি’ বা ‘মিঠিঝোর’-এর মতো সুপারহিট মেগা দিয়ে ইতিমধ্যেই দর্শকদের ড্রয়িংরুমে জায়গা করে নিয়েছেন আরাত্রিকা মাইতি। যদিও সকলে এখন তাকে ‘জোয়ারভাটা’র উজি হিসাবেই বেশি চেনেন।

শুটিং ফ্লোর ছাড়াও অভিনেত্রী ভীষণ ব্যস্ত তার পড়াশুনা নিয়ে। ঝাড়গ্রাম থেকে কলকাতায় এসে নিজের পায়ের তলার মাটি শক্ত করা উদ্দেশ্যে হলেও বরাবরই পড়াশোনায় মনোযোগী আরাত্রিকা। কিন্তু এই অভিনয়ই এখন তাঁর শিক্ষাজীবনে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে।

শুরুতে আরাত্রিকা তাঁর প্রিয় বিষয় ড্রামা নিয়ে অনার্সে ভর্তি হয়েছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে। কিন্তু মেগা সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করার ফলে ১২-১৪ ঘণ্টার শ্যুটিং সামলে বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় ‘অ্যাটেনডেন্স’ দিতে ব্যর্থ হন।

ফলে বাধ্য হয়েই মাঝপথে সেই কোর্স ছাড়তে হয় তাঁকে। তবে হার মানেননি আরাত্রিকা। স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করতে তিনি এখন ভর্তি হয়েছেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে (SNU), বিষয়— ইংরেজি অনার্স।

আরাত্রিকার কথায়, ‘ড্রামা এমন একটা বিষয় সেখানে প্র্যাক্টিক্যালটা ম্যাটার করে। মন খারাপ হলেও এটা সত্যি আমার পক্ষে ৭৫% অ্যাটেনডেন্স রাখা সম্ভপর নয়। একটা বছর নষ্ট হল’। শ্যুটিংয়ের ফাঁকে মেকআপ রুমে বসেই চলে কলেজের ক্লাস বা নোটস তৈরির কাজ। অনার্সে ভালো ফলাফল করার জেদ নিয়েই তিনি এগিয়ে চলছেন।