
মঞ্চ থেকে অভিনয়ের সফর শুরু। ছোট পর্দার চেনা মুখ আভেরী সিংহ রায়। ক্যারিয়ারের শুরুর দিকেই তাঁকে তাঁর বয়সের চেয়ে অনেক বড় চরিত্রে অভিনয় করতে হয়েছিল।
মাত্র ২১ বছর বয়সেই তিনি মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন, যেখানে তাঁর পর্দার ছেলে ছিল তাঁর চেয়ে বয়সে বড়। শাশুড়ি, নয় বৌদি, এমনকি নায়িকার কাকিমার মতো পার্শ্ব চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতাই রয়েছে আভেরীর ঝুলিতে। এমনকি মঞ্চ নাটকে তিনি ৭৫ বছর বয়সি বৃদ্ধার চরিত্রেও সফলভাবে অভিনয় করেছেন।
আজঅবদি মনের মত চরিত্র না মেলায় আক্ষেপ অভিনেত্রীর। তথাকথিত ‘পারফেক্ট ফিগার’ বা গ্ল্যামারাস নায়িকার ছক ভেঙে আভেরী বরাবরই অভিনয় দক্ষতাকে প্রাধান্য দিয়েছেন। অভিনেত্রীর মতে যেকোন চরিত্রে মিশে যাওয়াই একজন প্রকৃত অভিনেতার সার্থকতা।
কিন্তু অভিনয় জীবনে নিজেকে প্রমান করার সেই সুযোগটাই তাকে কেউ দেয়নি। তিনি নিজেকে একজন ‘লোভী’ অভিনেতা হিসেবে দাবি করেন, কারণ তিনি সবসময় ভালো চরিত্রের সন্ধানে থাকেন।
তবে এতদিন পর ‘খানিকটা প্রেমের মত’ সিরিজে ‘শ্রেয়া’র চরিত্রে আভেরী যেন নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন। আভেরীর কথায়, “শাশুড়ি, বৌদি অনেক হয়েছি, এই প্রথম কমবয়সি কোনো কেন্দ্রীয় চরিত্র পেলাম।” ‘দিদিমা-কাকিমা’র ইমেজ ভেঙে একজন রোমান্টিক নায়িকা হিসেবে প্রথম অভিনয় দর্শকদের মনে কতটা গভীর ছাপ ফেলে, এখন সেটাই দেখার অপেক্ষা।
ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় কলকাতার নেহেরু চিলড্রেনস মিউজিয়ামে রামপ্রসাদ বণিকের কাছে অভিনয়ের প্রশিক্ষণ শুরু করেন। অভিনয়ের পাশাপাশি তিনি ভরতনাট্যমেও দক্ষ এবং তনুশ্রী শঙ্করের কাছে নাচের তালিম নিয়েছেন। ২০১৬ সালে জনপ্রিয় সিরিয়াল ‘ভুতু’-তে অভিনয়ের মাধ্যমে পর্দায় অভিষেক। পরবর্তীতে ‘ফুলকি’ এবং ‘বিজয়িনী’-র মতো ধারাবাহিকে কাজ করেছেন।
