
বিকেল পাঁচটা মানেই বাঙালির ড্রয়িংরুমে ‘দিদি নম্বর ১’। বাংলার ঘরে ঘরে এই শো দেখার জন্য দর্শকেরা অপেক্ষা করে থাকেন। ‘দিদি নম্বর ১’ মানেই সেখানে তারকা থেকে সাধারণ মানুষের আড্ডা দিদি রচনার সঙ্গে।
১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন এপিসোড থেকেই রচনার পরিবর্তে সঞ্চয়ালনা করতে দেখা যাচ্ছে শ্বেতা ভট্টাচার্যকে। বেশ কয়েকদিন যাবদ শো থেকে বিদায় নিয়েছেন রচনা। কিন্তু হঠাৎই স্টুডিয়োপাড়ায় জল্পনা- তবে কি এবার পাকাপাকিভাবে সিংহাসন বদল হচ্ছে?
রচনার অনুপস্থিতিতে শ্বেতার এই আকস্মিক উপস্থিতি উসকে দিয়েছে হাজারো বিতর্ক। সত্যিই কি রচনা বন্দ্যোপাধ্যায়ের জুতোয় পা গলাতে চলেছেন শ্বেতা? এই বিষয়ে আনন্দবাজার অনলাইনকে শ্বেতা জানিয়েছেন, এই বদল একেবারেই সাময়িক। আসলে ব্যক্তিগত কারণে তিন দিনের জন্য শহরের বাইরে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেই কয়েকটা দিনের জন্য শো-টি এগিয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব এসে পড়ে শ্বেতার কাঁধে।
শ্বেতার কথায়, ‘সত্যি বলতে, আমার খুব ভয় করছিল। রচনাদি যে অভিজ্ঞতা আর দক্ষতায় এই অনুষ্ঠানটা বছরের পর বছর টেনে নিয়ে যাচ্ছেন, সেই ক্ষমতা আমার নেই। হঠাৎ করেই বলা হল, তাই ভাবলাম একবার অভিজ্ঞতাটা ঝালিয়ে নেওয়া যাক। সেই ভেবেই ‘হ্যাঁ’ করা।’ শ্বেতা অবশ্য জানিয়েছেন, আপাতত সঞ্চালিকা হিসেবে কেরিয়ার গড়ার কোনও পরিকল্পনা তাঁর নেই।
তাই ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে শ্বেতাকে দেখা গেলেও, রচনা ভক্তদের আশঙ্কার কোনও কারণ নেই। খুব শীগ্রই ‘দিদি’ ফিরছেন তার নিজের জায়গাতেই।
