বেশ কিছুদিন ধরেই জয়জিৎ বন্দ্যোপাধ্যায় এবং শ্রেয়া বন্দ্যোপাধ্যায়ের দাম্পত্যে বিচ্ছেদ নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা। ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস, জয়জিতের সঙ্গে ডিভোর্স হতেই সঙ্গীতশিল্পী ঈশান মিত্রের সঙ্গে নাকি নতুন করে সম্পর্কে জড়িয়েছেন শ্রেয়া।
জয়জিৎ আগেই জানিয়েছিলেন, গত দু’বছর ধরে আলাদা থাকেন তাঁরা। ডিসেম্বর মাসে আইনি বিচ্ছেদ হয়েছে তাদের। এ বার ঈশানের সঙ্গে ‘বিশেষ’ বন্ধুত্বের জল্পনা এবং বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন শ্রেয়া।
৪ ফেব্রুয়ারি গায়ক ঈশানের জন্মদিন। মঙ্গলবার রাতে বড় করে জন্মদিন পালন করেছেন তিনি। সেই রাতের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু হয় জল্পনা। ভিডিয়োয় দেখা যাচ্ছে, কেক কেটে পরস্পরকে খাইয়ে দিচ্ছেন শ্রেয়া-ঈশান।
এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কম-কে শ্রেয়া বললেন, “ঈশান একেবারে বিশেষ কেউ নয়। আমার আর পাঁচজন বন্ধুর মতোই ও একজন। যদি কোনও দিন ‘বিশেষ’ কেউ হয়ে ওঠে তা হলে নিশ্চয় জানাব।”
অন্যদিকে বিবাহবিচ্ছেদের খবর নিশ্চিত করলেও নিজেদের দাম্পত্যজীবন নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। কয়েক দিন আগে অভিনেতা নিজেদের বিবাহবার্ষিকীতে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন। তাতে লেখা ছিল ‘২১ হত পথচলা না থামলে…’ তবে শ্রেয়া প্রকাশ্যে কোনও মন্তব্যই করেননি।
জয়জিত- শ্রেয়ার সম্পর্ক ভাঙনের মাঝে সবচেয়ে বেশি আলোচনায় তাদের ছেলে যশোজিত। বর্তমানে যশোজিৎ থাকেন তার দাদু-ঠাকুমার সঙ্গেই।

