
শ্রেয়া ঘোষাল, গানের জগতে এই নামটাই যথেষ্ট! যার গানের সু-খ্যাতি সারা দেশজুড়ে বিস্তৃত। রিয়্যালিটি শোয়ের মঞ্চ হোক বা কোনও সিনেমার গান, গায়িকার কন্ঠের জাদু এক অন্যরকম অনুভুতি জাগায়। এবার শিরোনামে এল গায়িকার নতুন বাসস্থানের খবর। মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় নিজের বিলাসবহুল নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া।
২৭৫০ বর্গফুটের এই বিশাল ফ্ল্যাটটি কিনতে গায়িকা একা বিনিয়োগ করেননি, অংশীদার হিসেবে রয়েছেন তাঁর মা শর্মিষ্ঠা ঘোষাল ও বাবা বিশ্বজিৎ ঘোষাল। জানা গিয়েছে, ফ্ল্যাটটি অবস্থিত গোদরেজ ট্রিলজি আবাসনে। এই অ্যাপার্টমেন্টের সঙ্গে রয়েছে তিনটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও। গায়িকা গত ১ এপ্রিল ফ্ল্যাট সংক্রান্ত সমস্ত আইনি লেনদেন সম্পন্ন করেছেন।
তবে জানেন কি গায়িকার এই বিলাসবহুল ফ্ল্যাটের দাম কত? মুম্বইয়ের এই এলাকায় জমির দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। শ্রেয়া যেখানে ফ্ল্যাটটি কিনেছেন, সেখানে প্রতি বর্গফুটের দাম প্রায় ১ লক্ষ টাকা। এই লাক্সারি অ্যাপার্টমেন্টটির দাম প্রায় ২৯.৭০ কোটি টাকা।
তাছারাও শুধুমাত্র স্ট্যাম্প ডিউটি বাবদ গায়িকা খরচ করেছেন ১.৭৮ কোটি টাকা। বর্তমানে শ্রেয়া ঘোষালের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৪০ কোটি টাকা বলে শোনা যায়। অন্যদিকে, তাঁর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ও পেশাদার জীবনে অত্যন্ত সফল। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা।

