
সামনে এলো অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায়ের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। আর তাতে যে তথ্য এল তা হাড়হিম করে দেওয়ার মতো! রাহুলকে নিয়ে কলকাতার দিকে রওনা হল শববাহী গাড়ি। সোমবার দুপুরে তমলুকে ময়নাতদন্ত সারার পরে রওনা দেন সকলে। রাহুলের গাড়িচালক, ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজার ও অন্যরা রাহুলের দেহ শেষ বারের মতো কলকাতায়, তাঁর বাড়িতে ফিরিয়ে আনছেন।
তমলুক হাসপাতাল সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। তাঁর ফুসফুসের ভিতরে অস্বাভাবিক পরিমাণে পাওয়া গিয়েছে বালি এবং নোনা জল। তাঁর খাদ্যনালি, শ্বাসনালি, পাকস্থলির ভিতরেও বালি ঢুকে গিয়েছে বলে জানা যাচ্ছে। ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে রিপোর্টে। অল্প সময় নয়, বরং দীর্ঘ ক্ষণ ধরে জলের তলায় ডুবে থাকলে এমন হয়, জানাচ্ছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। অভিনেতা জলের তলায় অন্তত ঘণ্টাখানেক ডুবে ছিলেন বলে খবর।
দুপুর আড়াইটে নাগাদ রাহুলের বিজয়গড়ের বাড়িতে পৌঁছোতে পারবেন বলে আশা তাঁদের। রাহুলের বাড়ি সংলগ্ন ‘ভোলা বসু ভবন’-এ তাঁকে শ্রদ্ধা জানানো যাবে।
অন্য দিকে, উদ্ধার হয়েছে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং-এর ক্যামেরা ফুটেজ। সোমবার দুপুরে পুলিশ সূত্রে জানা যায়, রবিবার যে ক্যামেরায় রাহুলদের ধারাবাহিকের শুটিং চলছিল, সেটি তদন্তের জন্য নিয়ে নেওয়া হয়েছে। রাহুলের মৃত্যুর আগের কয়েকটি মুহূর্ত ধরা আছে সেই ক্যামেরাতেই, এমনই ধারণা অনেকের। অভিনেতার মৃত্যুর ঘটনা ঘিরে উঠছে নানা প্রশ্ন। রবিবার ঘটনাস্থলে ঠিক কী হয়েছিল? শুটিংয়ের ক্যামেরার ফুটেজ ভাল ভাবে খতিয়ে দেখে নিশ্চিত হওয়া যাবে বলে আশ্বাস তদন্তকারীদের।
