‘দুর্ঘটনার পর এতদিন চুপ থাকলেও এবার আমি সত্যিটা বলব.. এই গাফিলতির দায় সম্পূর্ণ..,’ রাহুলের মৃত্যুর বিচার চাইতে এবার বড় সিদ্ধান্ত নিলেন সহ-অভিনেত্রী রাজন্যা মিত্র

রাজন্যা মিত্র

রাহুলের মত সহকর্মীর এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না অভিনেত্রী রাজন্যা মিত্র। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে রাহুলের বোনের চরিত্রে নিয়মিত দেখা যেত রাজন্যাকে। এবার রাহুলের মৃত্যুর বিচার চাইতে বড় সিদ্ধান্ত নিলেন রাজন্যা। অভিনেত্রীর এমন চিন্তাভাবনাকে অনেকেই বাহবা দিয়েছেন।

সম্প্রতি টিভি৯ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজন্যা জানিয়েছেন, দুর্ঘটনার পর তিনি আর সেই ধারাবাহিকে কাজ করেননি, প্রযোজকদের ডাক ফিরিয়েছেন। আমি এই ধারাবাহিকের কাজ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। তবে পেশাগত দায়বদ্ধতার কথা মাথায় রেখে, পরিস্থিতি স্বাভাবিক হলে, আগে যেভাবে কাজ করতাম, সেভাবেই আবার একজন অভিনেত্রী হিসেবেই কাজে ফিরব। দর্শকদের আবেগ, ভালোবাসা মাথায় রেখে এতদিন চুপ থাকলেও, পরিবর্তিত পরিস্থিতিতে এবার নিজের মতামত জানালাম।

রাজন্যার কথায়, এই ঘটনার পর থেকে আমি এখনও পর্যন্ত মানসিকভাবে স্বাভাবিক হতে পারিনি। এই দুঃস্বপ্নের প্রভাব আমার শারীরিক অবস্থার উপরও পড়েছে। এই মুহূর্তে আমি চিকিৎসাধীন আছি। এমন অবস্থায় আবারও ওই সেটে ফিরে কাজ করা আমার পক্ষে অসম্ভব। এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত হওয়া অত্যন্ত জরুরি। যদি কোনও গাফিলতি থেকে থাকে, তবে তার দায় নির্ধারণ করে তদন্ত হওয়া জরুরি, এটাই আমার আবেদন।

দীর্ঘ ১১ বছর ধরে শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়ের সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে কাজ করছেন রাজন্যা। এই কঠিন সময়েও তিনি সংস্থার পাশেই দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘এত বছরে আমি কখনও তাঁদের তরফে কোনো গাফিলতি দেখিনি। তবে ওই দিন ঠিক কী ঘটেছিল, কেন এমন হলো— তা অবশ্যই নিরপেক্ষভাবে তদন্ত করে দেখা উচিত। যদি কারও গাফিলতি থাকে, তবে তাঁর দায় নেওয়া উচিত।’ আর্টিস্ট ফোরামের আন্দোলনকেও পূর্ণ সমর্থন জানিয়েছেন তিনি। ম্যাজিক মোমেন্টসের চিরসখা ধারাবাহিকেও কুরচির চরিত্রে অভিনয় করেন রাজন্যা, সেই মেগা থেকেও অব্যহতি নিয়েছেন কিনা তা এখনই স্পষ্ট নয়।

একদিকে কর্মবিরতির জেরে মঙ্গলবার থেকে কাজ বন্ধ, অন্যদিকে এক এক করে কলাকুশলীদের সরে দাঁড়ানো— সব মিলিয়ে ‘ভোলে বাবা পার করেগা’-র ফ্লোর এখন নিস্তব্ধ। কড়া নিরাপত্তায় সিরিয়ালের তৃতীয় সিজনের শ্যুটিং শুরু হয়েছিল, তবে সূত্রের খবর চ্যানেল রাজি নয় এই সিরিয়ালকে এগিয়ে নিয়ে যেতে।