জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আমার দুর্গা’-র হাত ধরেই বিনোদন জগতে ব্যাপক সফলতা পান অভিনেত্রী সঙ্ঘমিত্রা তালুকদার। প্রথম ধারাবাহিকে কাজ করেই বাংলার ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন তিনি। মাঝে ব্যক্তিগত কারণে দেড় বছরের বিরতির পর ফের ছোট পর্দায় কামব্যাক করেন সঙ্ঘমিত্রা।
কর্মজীবনে সফল হলেও ব্যক্তিগত জীবনে এখনো সিঙ্গেল সংঘমিত্রা। খোঁজ মেলেনি মনের মানুষের। অভিনেত্রী কিন্তু বরাবরই ডানপিটে স্বভাবের। একবার কল্যাণী ইউনিভার্সিটিতে পড়ার সময় ট্রেনে যাতায়াতের পথে এক যুবক ট্রেনে অত্যন্ত অসভ্য আচরণ করে তার সাথে।
অন্যায়ের সাথে আপস না করে অভিনেত্রী যুবকটিকে শ্যামনগর স্টেশনে নামিয়ে সবার সামনে থাপ্পড় মারেন এবং শেষ পর্যন্ত পুলিশের হাতে তুলে দেন। এখানেই শেষ নয়, পরিস্থিতি সামাল দিতে তিনি চলন্ত ট্রেনের লোকো-পাইলটকে হাত দেখিয়ে ট্রেন থামানোর মতো দুঃসাহসিক কাজও করেছিলেন।
পর্দার বাইরে তার ডানপিটে স্বভাবই সিঙ্গেল থাকার কারণ বলে মনে করেন অভিনেত্রী। সংঘমিত্রার মতে, তিনি একটু ‘টমবয়’ টাইপের এবং তার এই চারিত্রিক দৃঢ়তা দেখে অনেক ছেলেই তার প্রেমে পড়ে যায়।
কিন্তু দুর্ভাগ্যবশত, তার এই লড়াকু ব্যক্তিত্ব এবং সোজাসাপ্টা স্বভাবের সাথে মানিয়ে নিতে না পারায় সেই প্রেমগুলো বেশিদিন স্থায়ী হয়নি।

