‘আর কোন উপায় নেই… চিকিৎসকের থেকে জানতে পারি আমার… চোখের সামনে সবটা অন্ধকার…’, শারীরিক অসুস্থতা নিয়ে মুখ খুললেন সাগরিকা রায়

সাগরিকা রায়

টেলিভিশনের পরিচিত মুখ সাগরিকা রায়কে শেষবার দেখা গিয়েছিল ‘শোলক সারি’ ধারাবাহিকে। তার পর থেকে আর দেখা যায়নি ছোটপর্দায়। আচমকাই অসুস্থ হয়ে পরেছেন অভিনেত্রী। ঠিক কী হয়েছে অভিনেত্রীর?

আনন্দবাজারকে সাগরিকা জানালেন, হঠাৎ করেই চোখে অস্বস্তি হতে শুরু করে। কিছুটা অস্পষ্ট দেখছিলেন। ভেবেছিলেন চোখের ‘পাওয়ার’ বেড়েছে। কিন্তু পরীক্ষা করে জানতে পারেন, চোখে স্ট্রোক হয়েছে। অভিনেত্রী বললেন, “শারীরিক ভাবে আমি সুস্থ। অথচ চোখে স্ট্রোক হয়ে রক্ত ছড়িয়ে পড়ে চারিদিকে। চোখে জল জমে গিয়েছে। সেটা অবশ্য ‘বর্ডারলাইন’। একটু এদিক-ওদিক হলে দৃষ্টিশক্তিতে প্রভাব পড়তে পারত।” এই খবর জানার পর স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যান সাগরিকা। চিকিৎসকেরা চোখে একটি বিশেষ ইনজেকশন নেওয়ার পরামর্শ দেন, যা বেশ ব্যয়বহুল।

অভিনেত্রী বলেন, “আমরা যে অনিশ্চিত পেশায় রয়েছি, সেখানে এটা কল্পনার বাইরে ছিল। তার পর আরও অনেক চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলাম। জানতে পারি, এই ইঞ্জেকশন ছাড়া কোনও উপায় নেই। আর ভয় পেয়েছিলাম কারণ, প্রায় এক মাস আগে এই স্ট্রোক হয়েছে। অনেক পরে জানতে পারি। ভয়ানক সময়ের মধ্যে দিয়ে কেটেছে।”

৬ মার্চ চোখে এই ইনঞ্জেকশন দেওয়া হয়েছে। তিন সপ্তাহ বেশ কিছু নিয়মের মধ্যে থাকতে হবে। তবে এখন তিনি অনেকটাই সুস্থ। চিকিৎসক জানিয়েছেন, তিনি কাজে ফিরতে পারেন। সে ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না। তবে এবার নতুন করে কাজে ফেরার জন্য প্রস্তুত অভিনেত্রী।