
বৃহস্পতিবার, ৫ মার্চ সকালেই মিলল খারাপ খবর! গায়ক রূপম ইসলাম এর পরিবারে শোকের ছায়া। কাছের মানুষকে হারালেন গায়ক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানান গায়কের স্ত্রী রূপসা দাশগুপ্ত।
এই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় রূপম ও রূপসার প্রতি সমবেদনা জানাতে শুরু করেন অনুরাগী ও পরিচিতরা। অনেকেই এই শোক সামলে ওঠার শক্তি কামনা করেছেন তাঁদের পরিবারের জন্য।
প্রয়াত হলেন রূপমের স্ত্রীর জেঠিমা মধুস্রবা দাশগুপ্ত। এদিন রূপসা দাশগুপ্ত সমাজমাধ্যমে একটি পোস্ট করে ভক্তদের জানান তাঁর ‘মামনি’ মানে তাঁর জেঠিমা না ফেরার দেশে পাড়ি দিয়েছেন।
রূপসা তাঁর পোস্টে লেখেন, ‘মামনি, মধুশ্রবা দাশগুপ্ত আজ ভোরে আমাদের ছেড়ে চলে গেলেন। ওঁর মত গুণী আর কেউ ছিলেন না। এত ভাল মনের মানুষ খুব কম দেখা যায়। এত শিক্ষিত মানুষ, অথচ কী বিনয়ী ছিলেন। তোমায় খুব মিস করব মামনি। রূপম তোমায় সব থেকে বেশি মিস করবে।’
বাংলা রক সংগীতের জগতে অত্যন্ত জনপ্রিয় নাম রূপম ইসলাম। অগণিত ভক্ত তাঁর। ফসিলসের শো হলেই উপচে পড়ে দর্শক, শ্রোতাদের ভিড়। সদ্যই মুক্তি পেয়েছে ‘ফসিলস ৭’ অ্যালবাম। ইতিমধ্যেই অনুরাগী, শ্রোতাদের থেকে তুমুল সাড়া পেয়েছে এই অ্যালবাম এবং প্রায় কম বেশি, প্রতিটি গান।
