‘ছোটপর্দায় নায়িকারাই দশভুজা বাকিরা সব ফুলদানি হয়ে দাঁড়িয়ে আছে…’, বাংলা সিরিয়াল নিয়ে মুখ খুললেন ঋষি কৌশিক

 ঋষি কৌশিক

বরাবরই আলচনার শিরোনামে থাকেন অভিনেতা ঋষি কৌশিক। অভিনেতাকে নিয়ে দর্শকের মনে কৌতূহলের শেষ নেই। তাঁকে শেষ দেখা গিয়েছিল, ‘এসআইটি বেঙ্গল’ ধারাবাহিকে। তার পরে ‌বেশ কয়েক মাস কেটে গিয়েছে, তিনি ছোটপর্দায় থেকে দূরে। বর্তমানে অভিনেতা নাকি ভ্রমণেই বেশি মন দিয়েছেন।

সম্প্রতি এই প্রসঙ্গে ঋষির স্পষ্ট জবাব, ‘ওগুলো বড়লোকি ভাষা। ট্রাভেল বা ভ্রমণ যা-ই বলুন তার জন্য টাকা লাগে। সে সব নয়, আমার সময় কেটে যায়। অসম গিয়েছিলাম। সেখান থেকে অরুণাচলপ্রদেশে গিয়েছিলাম। এ ছাড়াও সময় কেটে যায়। জিমে যাই। বন্ধুদের সঙ্গে আড্ডাও রয়েছে।’ তবে কি ধারাবাহিকে এই মুহূর্তে অভিনয় করবেন না তিনি?

ঋষি বললেন, ‘এখন তো হয়ে গিয়েছে ছোটপর্দায় সব নারী উদ্ধার কমিটি। মেয়েটিই দশভুজা। আর বাকিরা ফুলদানি হয়ে দাঁড়িয়ে আছে। আর তা ছাড়া বিনোদনের এখন অনেক মাধ্যম রয়েছে। রিল দেখেই তো কেটে যাচ্ছে।’ এই জন্যই কি ধারাবাহিকের জন্য রাজি হচ্ছেন না অভিনেতা?

অভিনেতা যোগ করেন, “আমার মতে যদি নায়িকাকে একটা জায়গা দেওয়া হয়, সে ক্ষেত্রে একই রকমের জায়গা প্রাপ্য নায়কেরও। আমি সেই যুক্তিতেই বিশ্বাসী। তাও কি কাজ করিনি? করেছি তো। কিন্তু আমি মনে করি, ছোটপর্দায় শিল্পীরা কাজ করেন মূলত পেট চালানোর জন্য। এই কথাটা স্বীকার করতে সবাই ভয় পায়।” তাই ধারাবাহিকে অভিনয়ের কথা হলেও রাজি হওয়ার জায়গায় পৌঁছোতে পারছেন না অভিনেতা।

ঋষির কথায়, “হ্যাঁ, এই কারণে তো আমাকে অর্থনৈতিক দিক থেকেও অনেক সমঝোতা করতে হয়। নিজের মত অনুযায়ী কাজ করার চেষ্টা করি। অবশ্যই এই কারণে একটা হতাশা কাজ করে। কিন্তু নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনও কাজ করতে রাজি নই। আমি অভিনয় জীবনের ৯০ শতাংশ কাজই বাধ্য হয়ে করেছি। নিজের কোনও কাজ তাই দেখিনি।”