‘লীনা গাঙ্গুলির চিত্রনাট্যে এক লাইনও এদিক-ওদিক করা যায় না, তাহলে রাহুল কিভাবে…,’ লীনাকে নিয়ে বিস্ফোরক সত্যি সামনে আনলেন রেশমি সেন

রেশমি সেন

রাহুলের অকালমৃত্যুর জেরে প্রতিবাদে গোটা টলিউড ইন্ডাস্ট্রি। প্রশ্ন উঠে আসছে লীনা গাঙ্গুলির প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের অব্যবস্থাপনা নিয়ে। আর এই ঘটনার জেরে লীনার প্রযোজনার দুটি ধারাবাহিক ‘চিরসখা’ ও ‘ভোলেবাবা পার করেগা’ ছেড়েছেন অভিনেত্রী রেশমি সেন।

সম্প্রতি ফেডারেশন ও আর্টিস্ট ফোরামের মিটিংয়ে উপস্থিত হয়ে লীনা গাঙ্গুলির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন রেশমি সেন। রেশমি বলেন, “লীনা গাঙ্গুলির চিত্রনাট্যে একটা লাইনও এদিক-ওদিক করা যায় না। সেখানে রাহুল কীভাবে নিজে নিজেই সমুদ্রে চলে যাবে? আর সবচেয়ে বড় কথা শুটিংয়ে ড্রোন ব্যবহার করলে সাধারণ ক্যামেরাম্যান দিয়ে সেটা চালানো যাবে না। ড্রোন ম্যান লাগবে তার জন্য। সেই জন্য হুটহাট কোনও সিদ্ধান্তে যে আসা হয়নি সেটা বোঝাই যাচ্ছে।”

রেশমি আরও বলেন, “আমি যেদিন খবর পেলাম রাহুলের মারা যাওয়ার, তার পরের দিনই ধারাবাহিক ছেড়ে দিয়েছি। এই মুহূর্তে কিন্তু আমার হাতে কোনও কাজ নেই। আমি তো কনট্র্যাক্টে ছিলাম না, ফ্রিল্যান্সিং করতাম। ফলে অফিশিয়াল চিঠি দিতে হয়নি। আমি আর্টিস্ট ফোরামের আমার সিনিয়রদের, ইসি কমিটিকে জানিয়েছি সবটা, তারপর শুটিং ছেড়েছি।”

ইতিমধ্যেই ম্যাজিক মোমেন্টসের পক্ষ থেকে সেভাবে কোনও যুক্তি না আসায় লীনা গাঙ্গুলির সমস্ত ধারাবাহিককে বয়কট করা সিদ্ধান্ত নিয়েছে আর্টিস্ট ফোরাম।