
টলিউডের পরিচিত মুখ রেশমী ভট্টাচার্য। একসময় রুপালি পর্দা কাঁপানো এই অভিনেত্রী দীর্ঘ বিরতির পর আবারও আলোচনায়। তবে এবার কোনো সিনেমার গল্পের জন্য নয়, বরং নিজের জীবনের কঠিন বাস্তব ও লড়াইয়ের কাহিনি নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রেশমী জানান ২০২২ সালে মা, ২০২৩ সালে বাবা এবং ২০২৪ সালে নিজের স্বামীকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিলেন তিনি। বিশেষ করে সুস্থ-সবল স্বামীর আকস্মিক মৃত্যু রেশমীর জীবনের ভিত্তি নাড়িয়ে দিয়েছিল। এই শোক সামলাতে তিনি দীর্ঘ সময় অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন।
সাফল্যের মধ্যগগনে থাকাকালীন তাকে ইন্ডাস্ট্রির নোংরা রাজনীতির শিকার হতে হয়। রেশমীর দাবি, কোনো এক ‘অদৃশ্য আপস’ করতে রাজি না হওয়ায় তার নামে মিথ্যে রটনা তৈরি করা হয়েছিল। তাকে কাজ থেকে সরিয়ে দেওয়ার জন্য শুটিংয়ে দেরি করে আসার মতো অপবাদ দেওয়া হয়, যা তিনি কঠোর পরিশ্রম দিয়ে মিথ্যা প্রমাণ করেছিলেন।
বাংলার ইন্ডাস্ট্রিতে জায়গা সংকুচিত হওয়ায় হার মানেননি রেশমী। তিনি পাড়ি জমান মুম্বাইয়ে। সেখানে ভোজপুরি সিনেমা এবং নামী দামী বিজ্ঞাপনী সংস্থায় কাজ করে নিজের দক্ষতা প্রমাণ করেন।
বর্তমানে এই অভিনেত্রী এক বিশাল ফ্ল্যাটে সম্পূর্ণ একা থাকেন। তবে তার কাছে ‘একা থাকা’ মানে মোটেও ‘একাকিত্ব’ নয়। তিনি মনে করেন, মানুষ যখন নিজের প্রিয় বন্ধু হয়ে ওঠে, তখন অন্য কারো ওপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন পড়ে না।
জীবনের এতগুলো ঘাত-প্রতিঘাত পার করার পর রেশমী এখন বর্তমান মুহূর্তে বাঁচতে বিশ্বাসী। ভবিষ্যতে কোনো নতুন সম্পর্ক বা বিয়ের কথা তিনি ভাবছেন না; বরং নিজের কাজ আর ফেলে আসা সুন্দর স্মৃতিগুলো নিয়েই খুশিতে থাকতে চান। কোনো সিম্প্যাথি বা সহমর্মিতা নয়, বরং নিজের মেরিটে বা যোগ্যতায় তিনি দর্শকদের মনে জায়গা ধরে রাখতেই পছন্দ করেন।
