‘আমায় বলেছিল আর কখনও কাজ পাব না… আমাকে ব্যান করার চেষ্টা.. ভগবান বিচার করবে..’, লীনা গাঙ্গুলিকে নিয়ে মুখ খুললেন রনিতা

রনিতা

একের পর এক উঠে আসছে ইন্ডাস্ট্রির অন্দরের বহু ঘটনা। গত এক সপ্তাহে টালমাটাল অবস্থা গোটা টেলিপাড়ার। আপাতত ‘ম্যাজিক মোমেন্টস’ সংস্থার সঙ্গে কাজ করবেন না টলিপাড়ার কেউ। একসময় নাকি এই প্রযোজনা সংস্থার জন্য সমস্যার সম্মুখীন হয়েছিলেন অভিনেত্রী রণিতা দাস? একটা সময়ে ব্যান করার চেষ্টা হয়েছিল রণিতাকে। অবশেষে লীনা গাঙ্গুলির বিরুদ্ধে বিস্ফোরক সত্যি সামনে আনলেন অভিনেত্রী।

ইন্ডাস্ট্রিতে এখনও তিনি সকলের প্রিয় ‘বাহা’।‘ম্যাজিক মোমেন্টস্’ প্রযোজিত ‘ইষ্টি কুটুম’রণিতাকে পরিচিতি দিয়েছিল সর্বাধিক স্তরে। সেই সময়ে নিয়ম অনুযায়ী সংশ্লিস্ট চ্যানেলের সঙ্গে লিগ্যাল কন্ট্র্যাক্টে ছিলেন রণিতা। তবে মাঝে শারীরিক কারণে আর কাজ চালিয়ে যেতে পারছিলেন না অভিনেত্রী। সেই সময়ে চ্যানেলের তরফে কেস করা হয় রণিতার বিরুদ্ধে। নিজের মতো করে লড়াই চালান অভিনেত্রীও। বেশ কয়েক বছর সময় লেগেছিল এই মামলার সমাধান হতে। সেই সময়ে অনেক দিন ছোটপর্দায় কাজ করেননি রণিতা।

রণিতা জানান, ‘আমায় আনুষ্ঠানিক ভাবে কখনও কোনও চিঠি দিয়ে তো কেউ ‘ব্যান’ করেনি। যে সময়ে সমস্যা তৈরি হয়েছিল তখন অনেক লোক অনেক রকম কথা বলেছিল। আমায় বলা হয়েছিল আর কখনও কাজ পাব না। তাই তখন কে কী আমায় নিয়ে বলেছে সেই পুরোনো কাসুন্দি আর ঘাঁটতেও চাই না। আমি বিশ্বাস করি যতটুকু ভগবান কপালে লিখেছেন, সেটাই হবে। কেউ যদি আমার পিছনে কিছু করেও থাকে, হয়তো কোনও কাজ আসতে বাধা দিয়েছে, সেটা তাদের কর্ম। ভগবানই তার বিচার করবে। আমি এসব নিয়ে ভাবতেও চাই না।’

‘ব্যান’ করার প্রসঙ্গে রণিতা মুখ না খুললেও, ইন্ডাস্ট্রির অন্দরে খবর অবশ্য খানিক অন্য। সূত্রের খবর, সেই সময়ে প্রোডিউসার গিল্ডে রণিতা-সহ বেশ কয়েকজন অভিনেতাকে ব্যান করার চিঠি দেওয়া হয়েছিল লীনা গঙ্গোপাধ্যায়ের সংস্থার তরফে। তবে রণিতাকে ‘বয়কট’ করার বিষয়টি নাকচ করে দেয় বেশ কিছু নামজাদা প্রোডিউসার। তারা সই করবেন না জানিয়ে দেওয়ায় অফিসিয়ালি কোনও পদক্ষেপও নেওয়া হয়নি।