
বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ রাজশ্রী। পর্দায় অভিনেত্রীকে কখনও কড়া শাশুড়ি, কখনো বা মমতাময়ী মা হিসাবে দেখতেই অভ্যস্ত দর্শক। বর্তমানে কনে দেখা আলো-তে দেখা মিলছে অভিনেত্রীর। বাস্তবে রাজশ্রী বরাবরই স্পষ্টবাদী মানুষ। বয়স পঞ্চাশ ছুঁইছুঁই হলেও অভিনেত্রী ব্যক্তিগত জীবনে এখনও বিয়ে করেননি।
সম্প্রতি আম অর্পিতাকে দেওয়া সাক্ষাৎকারে রাজশ্রী বলেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, কেন বিয়ে করলাম না? আমি মনে করি, বিয়েটাই জীবনের শেষ কথা নয়। কারো ওপর নির্ভর করে বাঁচার চেয়ে নিজের ক্ষমতায় মাথা উঁচু করে বাঁচা অনেক বেশি সম্মানের।’
নিজের এমন সিদ্ধান্তে সবসময় মা-কে পাশে পেয়েছেন রাজশ্রী। জীবনে না পাওয়া থাকলেও সেই না-পাওয়াকে আঁকড়ে বাঁচায় বিশ্বাসী নন রাজশ্রী। অভিনেত্রীর বিশ্বাস, বিয়ে বা বাচ্চা হলেই সংসার করা বোঝায় না।
রাজশ্রী বলেন, ‘আমার মাও তো আমার দায়িত্ব, আমার দাদা, বৌদি, আমার বাচ্চা (ভাইঝি) সবাই আমার দায়িত্ব।’ নিজের উপার্জিত অর্থে তিল তিল করে নিজের স্বপ্নের বাড়ি সাজানো তাঁর কাছে এক বিশাল প্রাপ্তি রাজশ্রীর কাছে। যদিও সেই বাড়িতে নয়, মা এবং দাদার সঙ্গে জয়েন্ট ফ্যামিলিতেই থাকেন রাজশ্রী।
অভিনেত্রী জানান, তাঁর এই স্বাধীন জীবনযাত্রার পেছনে সবথেকে বড় হাত তাঁর মায়ের। সমাজ কী বলল, তাতে কান না দিয়ে তাঁর মা সব সময় তাঁকে নিজের পায়ে দাঁড়ানোর সাহস জুগিয়েছেন। বিয়ের জন্য কখনও তাঁকে জোর করা হয়নি, বরং নিজের শর্তে বাঁচতে শেখানো হয়েছে।
