
রাতারাতি বন্ধ ‘চিরসখা’ ধারাবাহিক। যতক্ষন না পর্যন্ত শ্যুটে রাহুলের মৃত্যুর দিন ঠিক কি হয়েছিল সেই সত্যি সামনে না আনবেন, ততদিন লীনা গাঙ্গুলির প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস থেকে যে ধারাবাহিকগুলি চলছে, তাও বন্ধ থাকবে। এবার এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছেন চিরসখার কলাকুশলীরা। ভিভান ঘোষের বেকার ভাতা চাওয়ার পরেই প্রতিবাদে সরব হলেন অভিনেতা রাজা গোস্বামী।
সম্প্রতি একটি ভিডিও পোস্টে চিরসখা বন্ধ নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন রাজা। অভিনেতার দাবি, আমরা কি দোষ করেছি যে এভাবে ধারাবাহিক বন্ধ করে দেওয়া হল। খেটে খাওয়া টেকনিশিয়ানদের রুজিরুটির কি হবে? আমাকে চিরসখার একজন সিনিয়ার টেকনিশিয়ান ফোন করে কাদতে কাদতে বলে আমার দুটো মেয়ে আছে, এভাবে কাজ চলে গেল, সুইসাইড করা ছাড়া কোন উপায় নেই।
রাজার মন্তব্য, তোমরা হয়ত অনেকেই বলবে সিরিয়াল তো বন্ধ হয়, তবে এমনিতে বন্ধ হওয়া আর জোর করে বন্ধ করে দেওয়া সেটা তো এক নয়। অভিনয়টা আমার ভালোবাসা এভাবে আমার ভালোবাসাটাকে কেরে নেওয়ার অধিকার কারোর নেই। আমি নিজে একজন বি-টেক ইঞ্জিনিয়ার যে কিনা চাকরি ছেড়ে অভিনয় করতে এসেছি। শুরুতে জুনিয়ার আর্টিস্ট হয়ে কাজ করে ৫০০ টাকাও পাইনি। আমার তখনও ভয় ছিলনা এখনও নেই। অনেকে বলছে এখনই অভিনয় করার কি আছে? এটা তো আমার রোজগার। এটাই করব না। আর ইন্ডাস্ট্রিতে নতুন করে কাজ পাওয়া খুব সহজ নয়।
প্রতিবাদ হোক, তদন্ত হোক, কিন্তু তাতে চিরসখা কি দোষ করল? এখানকার আর্টিস্ট আর টেকনিশিয়ান কি করল? রাজার কথায়, ধারাবাহিক বন্ধ হলেও আমার কিছু যায় আসে না, কারন শুটিংয়ের যা রোজগার তা আমার আর মধুবনীর ইনকামের ১৫ থেকে ২০ শতাংশ মাত্র। অভিনেতার পোস্টে অনেকে সহমত প্রকাশ করলেও অনেকেই তীব্র প্রতিবাদও জানিয়েছেন।
