
বড় পর্দায় আসছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নতুন ছবি ‘অভিমান’। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে যীশু ও সৌরভের সংস্থা হোয়াই সো সিরিয়াস। রকার-পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় তৈরি এই ছবিটি ইতিমধ্যেই দর্শকমহলে কৌতূহলের কেন্দ্রে। এই ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
সম্প্রতি সংবাদ প্রতিদিনের এক সাক্ষাৎকারে অভিমান ছবি নিয়ে অকপট আড্ডায় মেতেছিলেন বুম্বাদা। আর সেখানেই জীবনের কিছু অভিমান নিয়ে তাকে প্রশ্ন করা হয়। অভিনেতা অকপটে তার জীবনে দুটি অভিমানের কথা শেয়ার করে নেন।
এই সংবাদমাধ্যমকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, “ঋতুর (ঋতুপর্ণ ঘোষ) সঙ্গে আমার অভিমান তো জীবনের চলমান অংশ। একটা ঘটনার কথা মনে পড়ছে, আমার ডিভোর্সের আগে দেবশ্রী রায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম জন্মদিনের দিন। কিন্তু যে কোনও কারণেই হোক দেখা করা গেল না। সেটা বেশ লম্বা অভিমান ছিল। তখন বয়সটাও খুব কাঁচা। তখন অভিমানের মাত্রাগুলো অন্যরকম ছিল।”
বাবার সঙ্গে অভিমান নিয়ে অভিনেতা বলেন, “সময়ের সঙ্গে সঙ্গে সবটাই ঠিক হয়ে যায়। বাপির সঙ্গেও আমার অনেকদিন ধরেই সব ঠিক চলছে। প্রত্যেকটা পুজোয় আমি যাই, মিশুক যায়। বম্বে গেলে আমি দেখা করি। একটা সময় অভিমান ছিল ঠিকই। ছবির সংলাপেও আছে– আসলে বয়সের সঙ্গে, সময়ের সঙ্গে, পরিস্থিতির সঙ্গে আমাদের ভুল বোঝাবুঝি, জীবনটাকে দেখা পালটায়। বাপির সঙ্গে অনেক বছর ধরেই ঠিকঠাক। কারণ, ওঁর যা বয়স এখন, আমারও বয়স বাড়ছে, মিশুক বড় হয়ে গেল।”
সুত্রঃ https://www . sangbadpratidin . in/entertainment/cinema/prosenjit-chatterjee-on-film-abhiman-tollywood/
