
রাহুলের মৃত্যুশোক কাটিয়ে উঠতে না উঠতেই ফের বিনোদন জগতে ফের শোকের ছায়া। অভিনয় জগত থেকে বিদায় নিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। মাত্র ৩৬ বছর বয়সেই অভিনেত্রীর অকাল প্রয়ান কিছুতেই মেনে নিতে পারছেন না অনুরাগীরা। ৬ এপ্রিল, সোমবার হঠাৎই নিজের বাসভবন উদ্ধার হয় অভিনেত্রীর মৃতদেহ। পুলিশের প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
জানা যাচ্ছে, অভিনেত্রী বেশ কিছুদিন ধরে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ছিলেন। মৃত্যুর আগে ভিডিও কল চলাকালীন স্বামীর সঙ্গে তাঁর ব্যক্তিগত বিষয় নিয়ে বিবাদ হয়েছিল বলেও জানা গিয়েছে। পুলিশের আশঙ্কা, স্বামীর সঙ্গে বিবাদই তাঁকে এই চরম পদক্ষেপ নিতে বাধ্য করে। তবে মৃত্যুর সঠিক কারণ এবং এর পিছনে অন্য কোনও রহস্য আছে কি না, তা নিশ্চিত করতে পুলিশ বর্তমানে তদন্ত চালিয়ে যাচ্ছে।
প্রয়াত তামিল টেলিভিশন জগতের পরিচিত মুখ এবং জনপ্রিয় ধারাবাহিক ‘কয়াল’-এর অভিনেত্রী সুভাষিনী বালাসুব্রহ্মণ্যম। চেন্নাইয়ের নীলঙ্করাই এলাকায় স্বামী এবং পরিবারের সঙ্গে থাকতেন সুবাসিনী। ঘটনার দিন কোনও একটি বিষয় নিয়ে স্বামীর সাথে তাঁর তীব্র কথা কাটাকাটি হয়। ঝগড়ার পর সুভাষিনী নিজেকে একটি ঘরের মধ্যে বন্দি করে নেন। দীর্ঘক্ষণ কোনও সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। এরপরেও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সুবাসিনীর এই আকস্মিক মৃত্যুতে তাঁর সহকর্মী ও অনুরাগীরা স্তম্ভিত। সুভাষিনীর স্বামীর সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিনেত্রীর মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোও পরীক্ষা করে দেখছে পুলিশ, যাতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যায়।

