থেমে গেল সুরের পথচলা, সঙ্গীত জগত হারাল আরও এক উজ্জ্বল প্রতিভাকে। মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সুরকার। হৃদরোগে আক্রান্ত হয়ে চেন্নাইয়ে নিজের বাসভবনেই প্রয়াত জনপ্রিয় সঙ্গীত পরিচালক এস পি ভেঙ্কটেশ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। বুধবার চেন্নাইয়ের আলাপাক্কামে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। দীর্ঘ কয়েক দশক ধরে চলচ্চিত্র সঙ্গীতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এস পি ভেঙ্কটেশ শুধুই একজন সুরকার ছিলেন না, তিনি ছিলেন মালয়ালম ইন্ডাস্ট্রির অন্যতম সদস্যও বটে।
এস পি ভেঙ্কটেশের প্রয়াণে এক যুগের অবসান ঘটল বলেই মনে করছেন চলচ্চিত্রপ্রেমীরা। তার সুর, তার কাজ চিরকাল বেঁচে থাকবে ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের ইতিহাসে।
১৯৫৫ সালের ৫ মার্চ জন্মগ্রহণ করেন এস পি ভেঙ্কটেশ। তার বাবা ছিলেন প্রখ্যাত ম্যান্ডোলিন বাদক। বাবার অনুপ্রেরণায় সংগীত জগতে আসেন। ১৯৭১ সালে তিনি সংগীত পরিচালক বিজয় ভাস্করের সিনেমায় গিটার বাদক হিসেবে কর্মজীবন শুরু করেন। বহুমুখী গুণের অধিকার ভেঙ্কটেশ কন্নড়, তেলুগু, তামিল ও মালয়ালম সিনেমার গান পরিচালনা করেছেন।
মালয়ালম চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে ১৯৮৫ সালে ‘জনকিয়া কোডাথি’ ছবির মাধ্যমে। এরপর একের পর এক জনপ্রিয় ছবিতে তিনি স্মরণীয় গান উপহার দেন। তার প্রতিটা গান আজও শ্রোতাদের মনে গেঁথে রয়েছে।


