‘লোকে প্রথমেই বলে আবির চ্যাটার্জির বাবা… আমার পরিচয় প্রায় মুছতে চলেছে, এখন আমি শুধুই…’, মুখ খুললেন ফাল্গুনী চট্টোপাধ্যায়

ফাল্গুনী চট্টোপাধ্যায়

বাংলার নাট্যজগত থেকে শুরু করে রূপালি পর্দা সর্বত্রই ফাল্গুনী চট্টোপাধ্যায় এক পরিচিত নাম। ইন্ডাস্ট্রিতে এতবছর কাজ করার পর অভিনেতা যে অভিজ্ঞতার কথা শোনালেন, তা রীতিমতো চমকে দেওয়ার মতো। একজন দক্ষ অভিনেতার নিজস্ব পরিচয় কি কেবল কারোর বাবা হিসেবেই সীমাবদ্ধ রয়ে গেছে?

সম্প্রতি সাক্ষাৎকারে অভিনেতা নিজেই জানালেন সেই কষ্টের কথা। আজ ঘরে ঘরে আবির চট্টোপাধ্যায় এক সুপারস্টার। কিন্তু আবিরের সাফল্যের ছায়ায় কি ঢাকা পড়ে যাচ্ছেন তাঁর বাবা ফাল্গুনী চট্টোপাধ্যায়?

ফাল্গুনীবাবু বলেন, ‘আবির চ্যাটার্জির বাবা এটা লোকে প্রথম বলে… এখন অভ্যাস হয়ে গেছে। এখন বুঝে গেছি যে আমার পরিচয়টা প্রায় মুছতে চলেছে।’ দীর্ঘ অভিনয় জীবনে নিজের একটা আলাদা জায়গা তৈরি করেছিলেন তিনি, কিন্তু আজ সমাজ বা সংবাদমাধ্যমের কাছে তিনি কেবল আবিরের বাবা।

ফাল্গুনীবাবু আরও বলেন, তাকে যখন কোনো অনুষ্ঠানে বা সাক্ষাৎকারে ডাকা হয়, সেখানেও ঘুরেফিরে সব প্রশ্নই কেন আবিরকে কেন্দ্র করে করা হয়? ক্ষোভের সুরেই বলেন, ‘সব প্রশ্নগুলো আবির কেন্দ্রিক কেন? তাহলে আবিরকেই ডাকতে পারতেন।’

একজন সিনিয়র অভিনেতার সম্মান ও তাঁর নিজের কাজের মূল্যায়ন না করে কেবল তাঁর তারকা সন্তানকে নিয়ে কৌতূহল দেখানো যে কতটা অসম্মানজনক হতে পারে, ফাল্গুনী চট্টোপাধ্যায়ের বক্তব্যে তা পরিষ্কার।