
পরশুরাম ধারাবাহিকের হাত ধরেই রাতারাতি দর্শকের নজরে আসে খুদে শিশুশিল্পী অভিনব বিশ্বাস। এখন ‘লাট্টু’ নামেই লোকে বেশি চেনে তাকে। অভিনয়ের পাশাপাশি পড়াশুনাও সমান তালে চালিয়ে যাচ্ছে ১০ বছরের এই খুদে। তবে সিরিয়ালের গন্ডি পেরিয়ে এবার বড় স্বপ্নপূরণ ছোট্ট অভিনবর। সম্প্রতি আনন্দবাজার ডট কমকে অভিনবর মা নবনীতা বিশ্বাস নিজেই দিলেন এই সুখবর।
নবনীতাই জানালেন, জাতীয় স্তরের অভিনেতা নির্বাচক মুকেশ ছাবড়া কলকাতায় একটি কর্মশালার আয়োজন করেছিলেন। সেখানে যোগ দিয়েছিল অভিনব। তখনই অভিনবকে ভালো লাগে মুকেশের। এমনকি মুকেশের কাছে অডিশনও দিয়েছে লাট্টু। পরীক্ষায় পাশ করলে বলিউডে অভিনয়ের সুযোগ পেতে পারে। তবে তাঁদের চূড়ান্ত কিছুই জানানো হয়নি।
টেলিপাড়ায় খবর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীছবির অডিশন এখনও চলছে। সেখানেই পরীক্ষা দিয়েছে অভিনব। অভিনবের মা-বাবা উভয়েই আইটি কর্মী। ছেলের জন্মের পর তাকে মানুষ করবেন বলে চাকরি ছেড়েছেন নবনীতা। শিশুশিল্পী এখন চতুর্থ শ্রেণির ছাত্র।
অভিনবের মা জানালেন, সাঁতার শেখে তাঁর ছেলে। অভিনয়ে আরও তুখোড় হওয়ার জন্য তাকে নান্দীকার নাট্যসংস্থায় ভর্তি করেছেন নবনীতা। সেখানে নিয়ম করে যায় অভিনব। অভিনয় শেখার পাশাপাশি মঞ্চেও অভিনয় করছে সে।
