
জি-বাংলার সিদ্ধান্তে এবার পর্দায় রদবদলের হাওয়া। টিআরপই পরতেই আরও এক মেগাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল জি। মাত্র তিন মাসেই কপাল পুড়ল ‘বেশ করেছি প্রেম করেছি’ ধারাবাহিকের।
গত ডিসেম্বরে ব্লুজের প্রযোজনায় শুরু হওয়া টিনএজ লাভ স্টোরি ‘বেশ করেছি প্রেম করেছি’ নিয়ে অনেক আশা ছিল নির্মাতাদের। কিন্তু বাস্তবে টিআরপি তালিকায় ডাহা ফেল স্বয়ম ও জুঁইয়ের রসায়ন। যার কারনে তিন মাসের মাথাতেই গুরুত্বপূর্ণ ৭টার স্লট থেকে সরিয়ে দেওয়া হলো এই মেগাকে। আগামী ৯ই মার্চ থেকে ৭টার স্লটে আর দেখা যাবে না ‘বেশ করেছি প্রেম করেছি’।
এবার থেকে প্রাইম টাইম ৭টার স্লটে জায়গা করে নিচ্ছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘কুসুম’। এতদিন যা সম্প্রচারিত হতো সন্ধ্যা ৬টায়।
তাই বলে স্লট হারিয়ে এখনই শেষ হচ্ছে না ‘বেশ করেছি প্রেম করেছি’। তবে সেটিকে ঠেলে দেওয়া হয়েছে সন্ধ্যা ৬টার স্লটে। অর্থাৎ ‘কুসুম’-এর পুরনো জায়গায় দেখা যাবে এই মেগাকে।
জি-বাংলার এমন সিদ্ধান্তে সবথেকে বেশি ক্ষোভ দেখা দিয়েছে ‘আর্য-অপর্ণা’র সিরিয়ালের দর্শকদের মধ্যে। আসলে বেশ করেছি প্রেম করেছি-র জন্যই তারে ধরি ধরি সিরিয়ালের টিআরপি পড়তির দিকে এমনই অভিযোগ নেটপাড়ার। এবার বেশ করেছি প্রেম করেছি কেই চিরদিনই তুমি যে আমারের আগের স্লটে চাপিয়ে দেওয়ায় ক্ষুব্ধ নেটিজেনরা।
বাংলার ড্রয়িংরুমে এখন হাড্ডাহাড্ডি লড়াই। ৭টার স্লট মানেই স্টার জলসার সঙ্গে সরাসরি টক্কর। সেখানে ‘বেশ করেছি প্রেম করেছি’ দর্শক টানতে ব্যর্থ হওয়ায় তড়িঘড়ি তুরুপের তাস হিসেবে ‘কুসুম’-কে সামনে নিয়ে এল জি বাংলা। এখন দেখার, ৭টার স্লটে কুসুম কতখানি টেক্কা দিতে পারে।
