
বাংলার গানের দুনিয়ার পরিচিত নাম অঙ্কিতা ভট্টাচার্য। সারেগামাপা জয়ী এই শিল্পীর ভক্ত সংখ্যা অগুণতি। গানের পাশাপাশি গায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও নেটিজেনদের চর্চা কম নয়। সম্পর্ক নিয়ে রাখঢাক রাখেন না গায়িকা। অঙ্কিতার ভালোবাসার নাম উজান। তবে এবার স্পেশাল দিনেই ফাঁস হল তাদের প্রেমের মিষ্টি রহস্য। অঙ্কিতা-উজানের আদুরে ডাকনাম জানতে পেরেই মুগ্ধ নেটিজেনরা। তাদের ডাকনাম শুনে ভক্তদের দাবি টলিউডের অন্যতম কিউট কাপল। জানেন কি আদর করে অঙ্কিতাকে কোন নামে ডাকেন ড্রামার প্রেমিক?
সম্প্রতি অঙ্কিতার জন্মদিনের শুভেচ্ছা জানাতে নিজের ড্রামসের তালের মতোই ছন্দময় ভাষায় উজান লিখেছেন: ‘শুভ জন্মদিন ঘণ্টু। খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখনো অনেক দূর পথ চলা বাকি, সবটুকু সুন্দরভাবে হবে। শুধু তুমি যেমনটা আছো ঠিক ওরকমটাই থেকো। বাকি সবটুকু তোমার অনেক অনেক আনন্দে কাটুক। আবারও শুভ জন্মদিন ঘণ্টু।’ হ্যাঁ, আদর করে উজান তাঁর মনের মানুষকে ঘণ্টু বলে ডাকেন।
উজানের এই আদুরে ডাকের পাল্টা জবাব দিতেও দেরি করেননি অঙ্কিতা। ভালোবাসার ইমোজি আর আদরে ভরিয়ে দিয়ে গায়িকা কমেন্টে লিখেছেন— ‘ধন্যবাদ ফুটু পিচ্চি’। ‘বোঝা যাচ্ছে, ড্রামার প্রেমিককে তিনি ভালোবেসে ‘ফুটু’ বা ‘ফুটু পিচ্চি’ নামে ডাকেন।
‘ঘণ্টু’ও ‘ফুটু’র মিষ্টি রসায়ন কিন্তু ইতিমধ্যেই সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। অঙ্কিতা যখন তাঁর মায়াবী কণ্ঠে দর্শকদের মুগ্ধ করেন, তখন ড্রামসের কাঠি হাতে পেছনের ছন্দ ধরে রাখেন উজান। একসঙ্গে কাজ করতে করতেই তাঁদের এই গভীর প্রেমের শুরু। কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনকে যেভাবে তাঁরা সুন্দরভাবে ব্যালেন্স করছেন, তা অনেকের কাছেই অনুপ্রেরণা।
