সুখবর! ফের নতুন প্রোজেক্টে মিঠাই খ্য়াত অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু

অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু

জি-বাংলা ‘মিঠাই’ ধারাবাহিকের হাত ধরে দর্শকমহলে আকাশছোঁয়া জনপ্রিয়তা লাভ করেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। এরপর বড়পর্দায় মিলেছে সুযোগ। দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন। সিনেমার পাশাপাশি সৌমিতৃষাকে দেখা যায় সিরিজেও। একাধিক চরিত্রে অভিনয় করলেও তাকে আজও দর্শক মিঠাই বলেই ডেকে থাকেন।

ছোটপর্দায় এই মুহূর্তে কাজ করছেন না সৌমিতৃষা। তবে ওয়েব সিরিজে কাজ করছেন চুটিয়ে। তার অভিনীত ‘কাল রাত্রি ২’ ভালো প্রশংসিত হয়েছে দর্শকমহলে। তবে এবার ফের নতুন প্রোজেক্টে ফিরছেন সৌমিতৃষা।

সূত্রের খবর, ফের ওটিটির পর্দায় দেখা মিলবে নায়িকার। টানটান ক্রাইম থ্রিলারে অভিনয় করতে চলেছেন মিঠাই রানী। যদিও গল্প নিয়ে খুব বেশি বিস্তারিত জানা যায়নি। সম্প্রতি সমাজ মাধ্যমে কিছু ছবি শেয়ার করে সৌমিতৃষা লেখেন, ‘সব হাসিই আসলে মিথ্যা… আমার খুব খিদে পেয়েছিল গোটা সময় জুড়ে। তাই আমার আসল মুডটা কেবল তিন নম্বর ছবিটিতে রয়েছে।’ এরপরই হইচইকে ট্য়াগ করেন অভিনেত্রী। জানা যাচ্ছে, এবার চ্যালেঞ্জিং চরিত্রে দেখা মিলবে তার।