
জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতা ইন্ডিয়ান আইডল ১৫-এ অনন্য কণ্ঠস্বর দিয়ে গোটা বাংলার নজর কেড়েছে বাংলার মেয়ে মানসী ঘোষ। গানের প্রতি তার একাগ্রতা ও কঠোর পরিশ্রম তাকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। নিজের সুরেলা কণ্ঠে বরাবর দর্শকের মন জিতেছেন মানসী। ট্রফি জেতার পর তাকে নিয়ে গর্ব করেছিলেন বাঙালিরা। ইন্ডিয়ান আইডলের মঞ্চে গান গাওয়া থেকে সরাসরি প্লেব্যাক গাওয়ার সুযোগ পায় এই বাঙালি কন্যা।
বিজয়ীর মুকুট মাথায় উঠতেই এবার বড় পদক্ষেপ নিলেন বেলঘড়িয়া নিমতার বাসিন্দা মানসী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে তারই ইঙ্গিত দিলেন গায়িকা। ছবিতে দেখা যাচ্ছে মানসীর কালো টি-শার্ট ও ট্রাউজার। কালো মোটা ফ্রেমের চশমা। সঙ্গে সেই ট্রেডমার্ক করা এক গাল হাসি। নিজেকে বদলে নিতেই শরীরচর্চার জন্য জিম করা শুরু করেছেন গায়িকা।
ইন্ডিয়ান আইডল জিতে ২৫ লাখ টাকা পেয়েছিলেন মানসী। সেই সময় জানিয়েছিলেন যে, রিয়েলিটি শো থেকে উপার্জিত টাকা তিনি গানের পিছনেই খরচ করতে চান। বলেছিলেন, ‘আমার অরিজিনাল মিউজিক বানাব… গানের জন্য যা যা আমাকে করতে হবে, তাতেই এই টাকাটা আমি কাজে লাগাব।’
