
বাংলা সঙ্গীত জগতের এক দাপুটে গায়িকা লোপামুদ্রা মিত্র। যার কণ্ঠে মুগ্ধ কোটি কোটি শ্রোতা। তবে গায়িকার ব্যক্তিগত জীবনে যে এত অভিমান, যন্ত্রনা লুকিয়ে ছিল, তা হয়তো অনেকেরই অজানা। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাতকারে লোপামুদ্রা নিজের দাম্পত্য জীবনের এমন কিছু অন্ধকার ও বিতর্কিত দিক শেয়ার করেছেন যা নিয়ে রীতিমত চর্চা শুরু।
শুরুতেই লোপামুদ্রা মিত্র তাঁর স্বামী তথা প্রখ্যাত সঙ্গীত পরিচালক জয় সরকারকে নিয়ে এমন এক মন্তব্য করেন যা শোরগোল ফেলে দিয়েছে। লোপামুদ্রা বলেন, ‘জয় সরকার আমার মতো পরিষ্কার মনের লোক নয়, ও সবটা বলবে না’।
গায়িকার দাবি, তাঁর সাথে জয়ের মানসিকতা অনেক ক্ষেত্রেই মেলে না, যা অনেক ক্ষেত্রেই তাদের দাম্পত্য জীবনে ঝড় তুলেছে। জয় সরকারের সুরে শুভমিতার গাওয়া আকাশছোঁয়া জনপ্রিয় গান “বৃষ্টি পায়ে পায়ে” নিয়েও লোপামুদ্রা এক বিষ্ফোরক তথ্য দেন।
লোপামুদ্রার দাবি, এই গানটি শুভমিতা গাওয়ার পর তিনি এতটাই আহত হয়েছিলেন যে, জয়ের সাথে তাঁর দীর্ঘদিন কথাবার্তা বন্ধ ছিল। নিজের স্বামীর সুরে অন্য কেউ জনপ্রিয় গান গাইছেন এই বিষয়টি একজন শিল্পী হিসেবে লোপামুদ্রার ইগো বা অভিমানকে কতটা নাড়িয়ে দিয়েছিল, তা এই প্রথম প্রকাশ্যে এল।
আবেগপ্রবণ হয়ে লোপামুদ্রাকে বলতে শোনা যায়, ‘আমি জানি না আমি আর কতদিন বাঁচবো, কিন্তু অশান্তি কিছুতেই পিছন ছারে না।’
লোপামুদ্রার কাকা জয় সরকারকে মোটেও সহ্য করতে পারতেন না। ‘জয়কে বিয়ে করাটা কাকা কোনোদিন মেনে নিতে পারেননি’। নিজের কাছের মানুষের এই বিরোধিতা এবং পরিবারের ভেতরে চলা এই টানাপোড়েন গায়িকাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল।
গায়িকা আরও বলেন, যাকে তিনি সত্যিই ভালোবাসেন, তার ওপর তার প্রবল অভিমান হয়, বিরক্তি আসে। সম্পর্কের মধ্যে এই হিংসে এবং ভালোবাসার সংঘাত তার জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। তিনি জানান যে, তাঁর চারপাশের মানুষেরা তাকে সবসময় বুঝতে পারেন না এবং এই না বুঝতে পারার কারণে তিনি অনেক কিছু হারিয়েছেন।
