মাথাভর্তি চুল, চোখে একরাশ দুষ্টুমি ভরা ছোট্ট খুদে আজ বাঙালির গর্ব! চিনতে পারছেন জনপ্রিয় তারকা কে?

 সৌরভ গঙ্গোপাধ্যায়

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই তারকাদের ছোটবেলার ছবি ভাইরাল হয়। সম্প্রতি তেমনই এক অত্যন্ত পুরনো পারিবারিক ছবি সাড়া ফেলেছে নেটপাড়ায়। সোফায় বসে রয়েছেন বাবা-মা, আর তাঁদের কোল ঘেঁষে বসে দুই মিষ্টি খুদে ভাই। বড় ভাইয়ের চোখে শান্ত চাউনি হলেও, ছোট ভাইয়ের চোখে কিন্তু একরাশ দুষ্টুমি। চিনতে পারলেন ছবির এই ছোট খুদেকে?

পুরনো ফ্রেমের আড়ালে লুকিয়ে থাকা চেনা মুখগুলোকে খুঁজে বার করার মধ্যেও এক আলাদা আনন্দ রয়েছে। তবে আজ যে খুদেকে চেনার কথা বলছি তিনি কিন্তু আজ গোটা বাংলার গর্ব। খেলার মাঠ থেকে টেলিভিশন- সবেতেই দাপিয়ে বেরাচ্ছেন এই তারকা। বলুন তো কে এই তারকা?

ছবির এই ছোট খুদে আর কেউ নন, স্বয়ং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তার পাশে বসা শান্ত ছেলেটি হলেন তার দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

আজ, ১১ই জুন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের ৬০তম জন্মদিন। দাদার এই বিশেষ দিনে শৈশবের এই অমূল্য ফ্রেমটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন স্বয়ং মহারাজ। পুরোনো স্মৃতি উলটে সৌরভ লিখেছেন: ‘একটি পুরোনো ফ্রেম, কিন্তু স্মৃতিগুলো চিরকাল অমলিন থেকে যায়। শুভ জন্মদিন, দাদা ভাই! তোমাকে ৬০তম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা!’

ওদিকে ক্রিকেট মাঠের পাশাপাশি বর্তমানে টেলিভিশনের পর্দায় ছক্কা হাঁকাচ্ছেন সৌরভ। খুব শীঘ্রই স্টার জলসার পর্দায় বিগ বস বাংলার তিন নম্বর সিজনের সঞ্চালনা করতে দেখা যাবে তাঁকে।

 সৌরভ গঙ্গোপাধ্যায়