অভিনয় জগত হারাল আরও এক সোনালি যুগের কিংবদন্তী অভিনেতাকে। চলে গেলেন জনপ্রিয় অভিনেতা। বেশ কিছুদিন ধরে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন। অবশেষে শেষ রক্ষা হল না। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রবীণ তেলেগু অভিনেতা রঘুনাথ রেড্ডি।
মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭২ বছর। মাত্র এক মাস আগেই অভিনেতার ছেলে সুধাকরও হৃদরোগে আক্রান্ত হয়ে প্রান হারান। ছেলে হারানোর মানসিক যন্ত্রনা অভিনেতার স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলেছিল।
তিন দশকেরও বেশি সময় ধরে তিনি ৩৭০টিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন এবং তেলেগু সিনেমায় একটি স্বতন্ত্র পরিচয় অর্জন করেছিলেন। বিজয়ওয়াড়ার বাসিন্দা রঘুনাথ রেড্ডি পর্দায় খলনায়ক চরিত্রের জন্য ব্যাপকভাবে পরিচিত ছিলেন।
রঘুনাথ রেড্ডি ১৯৯১ সালে পারুচুরি ব্রাদার্স পরিচালিত এবং শোভন বাবু অভিনীত ‘সর্পয়াগম’ দিয়ে তার চলচ্চিত্র জীবন শুরু করেন। তার শেষ উল্লেখযোগ্য অভিনয় ছিল সুমন্তের সুব্রামণিপুরম।
অভিনেতার মৃত্যুতে তেলুগু চলচ্চিত্র জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রঘুনাথ রেড্ডির অকাল প্রয়াণ গোটা অভিনয় জগতে এক অপূরণীয় ক্ষতি।


