অসমবয়সি প্রেমের গল্পও যে টেলিভিশনের পর্দায় মাইলস্টোন ছুঁতে পারে তা বার বার প্রমান করেছে ‘গোধুলি আলাপ’, ‘চিরদিনই তুমি যে আমার’ এর মত ধারাবাহিক গুলো। ফের আরও একবার অসমবয়সি প্রেমের গল্পে অভিনেতা কৌশিক সেন।
যদিও এর আগেও অসমবয়সি প্রেমের গল্পে দর্শক দেখেছিলেন অভিনেতাকে। স্টার জলসার ‘গোধুলি আলাপ’ ধারাবাহিকে আইনজীবী অরিন্দম আর গ্রাম্য মেয়ে নোলকের জুটিকে দারুণ ভালবাসা দিয়েছিলেন দর্শক। এই মেগায় কৌশিক সেনের বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রী সমু সরকারকে।
তবে এবারের গল্পে কৌশিক সেনের সঙ্গে জুটি বাঁধবেন ছোটপর্দার কথা ওরফে অভিনেত্রী সুস্মিতা দে। এই গল্পে একা সুস্মিতা নন, মুখ্য চরিত্রে থাকছেন আরও দুই নায়িকা। বোনের চরিত্রে থাকবেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ ও অঙ্গনা রায়। তিনবোনের কাহিনিও ফুটে উঠবে এই গল্পে।
অনেকেই হয়ত ভাবছেন আবারও কোন নতুন ধারাবাহিক আসতে চলেছে পর্দায়? না একেবারেই নয়, কৌশিক- সুস্মিতার জুটিকে দর্শক এবার দেখতে চলেছেন ওটিটির পর্দায়। হইচই-এর আগামী সিরিজ ‘কুহেলি’তে দেখা যাবে তাদের।
সুস্মিতা ও কৌশিক সেনের জুটিকে নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে নেটপাড়ায়। পুরো সিরিজের গল্প পাহাড়ি এলাকাকে কেন্দ্র করে এগোবে। ফেব্রুয়ারি থেকেই শুটিং শুরু হয়েছে এই সিরিজের। এবার সুস্মিতার সঙ্গে কৌশিক সেনের এই অসমবয়সি জুটিকে কেমনভাবে গ্রহণ করেন দর্শক, সেটাই দেখার।


