
একের পর এক অভিযোগ জিতু কমলের বিরুদ্ধে। সেই নিয়ে ফুঁসছে গোটা নেটপাড়া। কিছুদিন আগেই জিতুর বিরুদ্ধে এরাও মানুষ ছবির পরিচালক, প্রযোজক অভিযোগ তোলেন অভিনেতা নাকি দুম করে ছবি ছেড়ে দিয়েছেন, কাজে অসহযোগিতা করেছেন। যদিও ঘটনাটা সম্পূর্ণ উল্টো। জিতুকে অপমান করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে। নিজের স্বপক্ষে প্রমাণ পেশ করে জিতু।
তারপরেই রাহুলের মৃত্যুর প্রতিবাদ চলে। এই মিছিলেই নিজের সঙ্গে ঘটা ঘটনার প্রতিবাদে নিজের ছবিতে মালা পরান জিতু। তাঁর এই প্রতীকী প্রতিবাদ অনেকের চোখেই দৃষ্টিকটু লেগেছিল। কিন্তু এই ঘটনা নতুন করে আবার সমস্যা তৈরি করল।
সম্প্রতি ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য দাবি করেন আর্টিস্ট ফোরামের কাছে নাকি জিতু পায়ে ধরে ক্ষমা চেয়েছেন। তিনি ওই জায়গায় থাকলে কিছুতেই অভিনেতাকে ক্ষমা করতেন না এমন কাজের জন্য। এবার অভিনেত্রীর বক্তব্যে ক্ষোভে ফুঁসে উঠলেন জিতু।
লাইভ ভিডিওতে এসে জিতু বলেন, “প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমায় ফোন করে ডেকেছিলেন, আমি গেছিলাম। ভেবেছিলাম আমি যে অভিযোগ করেছি, সেটা নিয়ে কথা হবে। কিন্তু সেটা হয়নি। অন্য একটা বিষয়ে মিটিং হয় তাতে ছিলাম। আমি আমার প্রস্তাব দিই। সেখানে তিনি আমার ঘটনা শুনে দুঃখপ্রকাশ করেন। এখন একটা ভিডিও দেখলাম, সেখানে মৌসুমী দি বলেছেন আমি আর্টিস্ট ফোরামের কাছে পায়ে ধরে ক্ষমা চেয়েছি। দীর্ঘদিন ধরে ভুল করে করে ক্ষমা চেয়েছি। দিদি ক্ষমা চাইলাম কখন? ক্ষমা চাইতে যাব কেন? ভুল হলে নিশ্চয় ক্ষমা চাইব, জুতো মুখে তুলে নেব। আমার কোনও ভুল নেই।”
মৌসুমীকে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে এদিন জিতু বলেন, “আর্টিস্ট ফোরামের সেই মিটিংয়ে ঠিক হয়েছিল আমি আমার এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করব না। ডিসপিউট কমিটি তৈরি হলে সেখানে আমার অভিযোগকে প্রাধান্য দেওয়া হবে। এবং প্রথমে সেটা নিয়েই বসা হবে। আমি ধৈর্য ধরছি। কিন্তু আপনি হঠাৎ করেই… জানি না কী খেয়েছেন। হয়তো কড়া চা বা তেলে ভাজাভুজি খেয়েছেন, গ্যাস অম্বল হয়েছে আপনার। আমি জানি না আপনি কোথায় দেখেছেন যে আমি ক্ষমা চাইছি, এবং ফোরাম আমায় ক্ষমা করে দিয়েছে। আপনি যদি আর্টিস্ট ফোরামের জায়গায় থাকতেন, আপনি নাকি আমায় ক্ষমা করতেন না। তাতে আমার ঠেঙা পড়েছে। আজ আপনাদের মতো কিছু কমরেডের জন্য ওই পার্টির ওই অবস্থা। আপনারা ঘরের ভিতর এক বলেন, বাইরে এক বলেন। সকালে প্রাক্তনের নামে কুৎসা রটান, আবার তার থেকে একটু সুবিধা পেলে তার পায়ের সামনে বসে পড়েন। সেই ধরনের রক্ত নিয়ে আমি অন্তত জন্ম নিইনি। আপনি নিয়েছেন। তাই জন্য এই পাল্টিবাজি কথাটা আপনি বললেন। আপনি মিথ্যে কথা বললেন।”
শেষে জিতু বলেন, “সেদিন প্রচুর সিনিয়র প্রযোজক, টেকনিশিয়ান, অন্যান্যরা উপস্থিত ছিলেন। সবাই জানেন কী ঘটেছে। আর আপনি বললেন আমি ঘরের মধ্যে ঢুকে ক্ষমা চেয়েছি। কে ক্ষমা চেয়েছে? কেন ক্ষমা চাইতে যাব, কী অন্যায় করেছি। নোংরামি কম করুন। নেহাত মহিলা বলে, সম্মান করি বলে। আপনি আমায় চ্যালেঞ্জ করুন যে কে মিথ্যে বলছে।”
