‘কোনো নারীর সঙ্গে দাঁড়ালেই বা ছবি তুললেই…সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে আসুন’, ক্ষোভ প্রকাশ আর্য ওরফে অভিনেতা জিতু’র

জিতু কমল

বাংলা ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেতা হলেন জিতু কমল। সিরিয়াল, সিনেমায় চুটিয়ে কাজ করছেন তিনি। বর্তমানে চিরদিনই তুমি যে আমার  ধারাবাহিকের হাত ধরে দর্শকের কাছে তিনি সকলের প্রিয় আর্য। তার অভিনীত ধারাবাহিকের পাশাপাশি নিয়মিত এখন চর্চায় থেকে যান অভিনেতা।

সম্প্রতি আবারও সোশ্যাল মিডিয়ায় তাকে জুড়ে সমালোচনা। নিন্দুকেরা যেন জিতুর পিছন ছাড়ে না। এবার নিন্দুকদের একহাত নিলেন অভিনেতা।

সম্প্রতি কাউকে উদ্দেশ্যে না করেই সোশ্যাল মিডিয়ায় জিতু পোস্ট করে লেখেন, “একটা দুর্ধর্ষ দর্শনের মধ্যে দিয়ে যাচ্ছি। যদি তোমার স্ত্রী অথবা প্রেমিকা থাকে তাহলে তুমি অন্য মহিলার সঙ্গে সহজেই ঘুরতে যেতে পারো, ছবি তুলতে পারো। সেই ছবি পোস্টও করতে পারো। কেউ তোমাকে বিচার করবে না। আর যদি তোমার জীবনে প্রেমিকা/নারী না থাকে, তার মানে তুমি রাস্তায় লাইসেন্স বিহীন গাড়ি চালাচ্ছ। সে ক্ষেত্রে কোনো নারীর সঙ্গে দাঁড়ালেই, বা ছবি তুললে তার সঙ্গে সম্পর্ক জুড়ে দেওয়া হবে। অথবা কোন বিবাহিত নারীর সঙ্গে ছবি তুললে অবৈধ সম্পর্কে যুক্ত করা হবে। কোনো প্রেমিক-প্রেমিকার সঙ্গে সময় কাটালে, তোমাকে কূট-প্রেমিক হিসেবে গণ্য করা হবে।”

অভিনেতা শেষে আরও লেখেন, “এইভাবে কত মানুষকে একাকিত্বের মধ্যে আপনারা ঠেলে দিয়েছেন একবার হিসেব করে দেখবেন। সেই একাকীত্ব থেকে কত মানুষ নিজের সুন্দর জীবনটাকে ধ্বংস করে দিয়েছে,সেটা ভেবে দেখবেন। নিজেদের সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে আসুন। কামুকতার ঊর্ধ্বে উঠুন। সবার সঙ্গে মিলেমিশে কথা বলুন। এই চার দিনের জীবনে, নিজের মন আর মানসিকতাকে আরও বৃহৎ করে তুলুন।”

জিতু নিজের পোস্টে কারো নাম উল্লেখ না করলেও এই পোস্ট যে তার সমালোচকদের ভাবনাকে ঘিরে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।