শুটিং সেটে চরম দুর্ব্যবহারে সিনেমা থেকে বাদ পড়লেন জীতু! ‘পায়ে ধরে ক্ষমা চাইতে হবে…’, জিতুর মন্তব্যে বিস্ফোরক অভিযোগ পরিচালকের

জিতু কমল

আরও একবার বিতর্কের মুখে স্টার আইকন জিতু কমল। এর আগে ‘চিরদিনই তুমি যে আমার’-এর সেটে সহ-অভিনেত্রীর সঙ্গে ‘বিরূপ ব্যবহারের’ অভিযোগ উঠেছিল। এবার অশোভনীয় আচরণের অভিযোগে বাদ পড়লেন নতুন ছবি ‘এরাও মানুষ দ্য সার্চ উইদিন’থেকে।

এমনকি জিতুর বিরুদ্ধে ছবির পরিচালক সাই প্রকাশ লাহিড়ি বিস্ফোরক অভিযোগ করেছেন, ‘শুটিংয়ের প্রথম দিন থেকেই জীতুর সঙ্গে কাজ করতে সমস্যা হচ্ছিল। স্পট বয় থেকে শুরু করে ফ্লোরে অনেকের সঙ্গেই খারাপ আচরণ করেছিলেন তিনি।’

এদিকে শুটিং শেষ হতে যখন মাত্র দু’দিন বাকি, সেই সময় অভিনেতা নাকি প্রযোজনা সংস্থাকে জানান, তিনি ওই দু’দিনে ১০ ঘণ্টার বেশি শুটিং করতে পারবেন না। কারণ তিনি মায়ের সঙ্গে বসে একটি চ্যানেলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখবেন। চুক্তিপত্রে যদিও কাজের সময় নিয়ে এরকম কিছু উল্লেখই ছিল না।

এমনকি এই বিষয়ে পরিচালকের সঙ্গে কথা কাটাকাটি শুরু হলে জিতু নাকি বলেছেন, ‘কাউকে দিয়ে ফোন করালে করাতে পারে, এক ঘণ্টা বেশি কাজের জন্য একদিনের পারিশ্রমিক নেব।’ এই প্রস্তাবে রাজি না হওয়ায় জীতুকে ছাড়তে বাধ্য হয় নির্মাতারা। কারণ তাঁদের কথায়, ‘এক ঘণ্টার জন্য দেড় লক্ষ টাকা দেওয়া সম্ভব নয়। তবে সেদিনের পুরো শুটিংটাই ভেস্তে গেছে।’

সোমবার কলকাতায় ছবির শেষ শুটিং ছিল। সেদিনও অশান্তি সৃষ্টি করার অভিযোগ উঠেছে জীতুর বিরুদ্ধে। পরিচালক জানিয়েছেন, ‘ফ্লোরে এসে মেকআপ করতে আপত্তি জানান অভিনেতা। তাঁর দাবি ছিল, শ্রাবন্তী না এলে তিনি মেকআপ করতে যাবেন না। এদিকে মেকআপ আর্টিস্ট ছিল একজনই। ফলে পরে সমস্যা যাতে না হয় সেজন্য বারবার জিতুকে রেডি হয়ে থাকার কথা বলা হলেও নানা অছিলায় তিনি এড়িয়ে যান।’

পরিস্থিতি সামাল দিতে ইউনিটের কয়েকজন সদস্য অভিনেতার ভ্যানে গিয়ে কথা বলেন। সেখানে একজন সহকারী পরিচালক তাঁকে শুটিং শুরু করার অনুরোধ করেন। অভিযোগ, সেই সময় জীতু নাকি হঠাৎ বলেন—প্রথমে তাঁর ‘পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে’। পরিচালকের দাবি, এরপরই অভিনেতা নিজে থেকেই সেট ছেড়ে বেরিয়ে যান।

এই ঘটনার পর নির্মাতারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে জীতুকে ছবিটি থেকে বাদ দেন। তাঁর সঙ্গে করা চুক্তিও বাতিল করা হয়। ছবির প্রচারের জন্য যে ১৫টি আলাদা তারিখ নির্ধারিত ছিল এবং সোশ্যাল মিডিয়া পোস্টের যে চুক্তি করা হয়েছিল, সেগুলিও বাতিল করে দেওয়া হয়েছে। প্রযোজনা সংস্থার দাবি, ইতিমধ্যেই জীতুকে প্রায় ১২ লক্ষ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছে। ডাবিংয়ের জন্য আরও ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার কথা ছিল। চুক্তি বাতিলের নোটিসে সেই অর্থ ফেরত দেওয়ার প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে।

এই গোটা ঘটনায় বেশ বিরক্ত হয়েছে ছবির অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনিও গোটা টিমের সঙ্গেই আছেন বলে আশ্বস্ত করেছেন। ইউনিটের আরও কয়েকজন সদস্যের অভিযোগ, অভিনেতা শুধু সহকর্মীদের সঙ্গেই নয়, পরিচালক ও প্রযোজকদের সঙ্গে ‘অশালীন ভাষা’ ব্যবহার করেছেন। পরিচালকের তরফে আরও জানানো হয় যে, জীতুর সময়সূচি সংক্রান্ত সমস্যার কারণেই ছবির শুটিং গত বছরের অক্টোবরের বদলে এই বছর মার্চে করা হয়েছিল।

হিন্দুস্তান তরফ থেকে এ বিষয়ে জীতু কমলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়, তিনি ফোন তোলেননি।