‘আমার গায়ের রং কালো…এরজন্য অনেক অত্যাচার…এখন আমি ঠিক করেছি…’, কটাক্ষের জবাবে মুখ খুললেন ঈশানী চ্যাটার্জি

ঈশানী চট্টোপাধ্যায়

দুর্গাপুরের মেয়ে অভিনেত্রী ঈশানী চট্টোপাধ্যায়। যদিও এই মুহুর্তে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’য় তাকে সবাই পারুল বলেই চেনেন। পড়াশোনার সূত্রে কলকাতায় আসা। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল চিকিৎসক হওয়ার, তা হয়নি। তবে কলকাতায় ‘মাইক্রোবায়োলজি’ পড়তে এসেছিলেন তিনি। তার পরে হঠাৎই অভিনয়ের সুযোগ আসে।

ঈশানীর এই সাফল্যের গল্পটি কোনো রূপকথার চেয়ে কম নয়, কারণ একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে থেকে নায়িকা হয়ে ওঠার পথটি ছিল বেশ কঠিন। আজ রায়ান এবং পারুলের জুটিও দর্শকের প্রিয় হলেও শুরুতে গায়ের রঙ নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি তাকে।

এই প্রসঙ্গে ঈশানী বলেন, “ধারাবাহিকের শুরুর দিকে অনেকে আমাকে দেখে বলেছিলেন, ‘দেখতে ভাল নয়। মানাচ্ছে না। এ পারবে না। রাত আটটার গুরুত্বপূর্ণ স্লট, পারবে না।’ এগুলো শুনে প্রথমে মনখারাপ হয়েছিল। ভয় পেয়েছিলাম। নিজেকে প্রশ্ন করেছিলাম, সবার মন্তব্য পড়ে। আর গায়ের রং তো আমি পাল্টাতে পারব না।

তা ছাড়া আমি নিজের গায়ের রং নিয়ে খুবই আত্মবিশ্বাসী। স্কুলে পড়ার সময়ে এই কারণে যদিও আমাকে প্রচুর কুমন্তব্য সহ্য করতে হয়েছে। তবে এখন আর ভাবি না। নিজের গায়ের রং নিয়ে আমি খুবই গর্বিত।”

একটা সময় নিজের হাতখরচ চালানোর জন্য শুরু করেন মডেলিং। যা আজ তাকে পৌঁছে দিয়েছে টেলিভিশনের লিড রোলে। বিভিন্ন নামী ব্র্যান্ডের ফটোশুট, র‍্যাম্প ওয়াক এবং বিজ্ঞাপনে তার উপস্থিতি তাকে লাইমলাইটে নিয়ে আসে।

ঈশানীর কথায়, যখন মডেলিং করতাম তখন অতটা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতাম না। তবে একটা ফটোশুট খুব পছন্দ হওয়ায় সেটা পোস্ট করেছিলাম। সেই ছবি দেখেই অডিশনের ডাক আসে।