বন্ধ হচ্ছে জি-বাংলার সবচেয়ে জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’? টেলি দুনিয়ার অন্দরমহলের ফিসফাস, চ্যানেল আর প্রোডাকশনের অতীতের ঝামেলা আবার নাকি দেখা দিয়েছে। যার দরুন কোপ পড়তে পারে জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ এর উপর। ফেব্রুয়ারিতে নাকি শেষ শুটিং, এমনটাই গুঞ্জন রটেছে।
এত চর্চিত একটি মেগা হয়েও সত্যিই কি বন্ধ হয়ে যাবে আর্য-অপর্ণা জন্ম-জন্মান্তরের প্রেমের কাহিনী? এই খবরের কোনও উত্তর নেই আমাদের কাছেও। কারণ চ্যানেল আর প্রোডাকশন এই প্রসঙ্গে একটি শব্দ খরচ করতে রাজী নয়, অন্যদিকে বিভিন্ন সাক্ষাৎকারে ধারাবাহিকের কলাকুশলীরা জানিয়েছেন তাদের কানে এই খবর এলেও তাদের কাছে অফিশিয়ালি কোনও নোটিশ এখনো প্রোডাকশন হাউসের তরফ থেকে মেলেনি। তাই তারাও নিশ্চিত করে কিছু খবর জানেন না।
এদিকে চারিদিকে এই খবরে স্বাভাবিকভাবেই শুটিং সেট থমথমে। এই বিষয়ে ধারাবাহিকের কলাকুশলীদের জানার বিষয় নয়, কারণ যেকোনো ধারাবাহিক শেষ হওয়ার অন্তিম মুহূর্তে অর্থাৎ এক সপ্তাহ বা চার- পাঁচ দিন আগে প্রোডাকশন হাউস থেকে নোটিশ পাঠানো হয় কলাকুশলীদের হাতে। অন্যদিকে চ্যানেল প্রোডাকশন নীরব।
এদিকে চিরদিনই র বন্ধের খবরের সূত্রপাত কোথা থেকে তার খবর মেলেনি। এই খবর কোথা থেকেই বা ছড়িয়ে পড়ল? আদেও এই খবরে সততা কতটা আমাদের জানা নেই। টিআরপি বিচারে নন-প্রাইমে যথেষ্ট ভালো টিআরপি ধরে রেখেছে এই মেগা। তবে কথায় আছে, যা রটে তা কিছু তো বটে। তাই অভ্যন্তরীণ ঝামেলা পুরোপুরি অস্বীকার করাও যাচ্ছে না।
ইতিমধ্যে প্রবল চাপের মধ্যে রয়েছে ধারাবাহিকের একনিষ্ঠ দর্শকেরা। কারণ এই ধারাবাহিক তাদের আত্মার সাথে জড়িয়ে রয়েছে, জড়িয়ে রয়েছে তাদের আবেগেও তাই খবর ছড়াতেই মাঠে নেমে পড়েছেন তারা। যেখানে একদলের লড়াই ‘চিরদিনই চলুক ১০০০ পর্ব অবধি’, তো আরেক দল সরাসরি বয়কটের ডাক দিয়েছে। দর্শকের অনুরোধে কি বিপদ কাটবে ‘চিরদিনই তুমি যে আমার’ এর।
তবে দর্শকের এই লড়াই প্রথম নয়, এরকম ঘটনা আগেও ঘটেছে। পূর্বে ‘এখানে আকাশ নীল’, ‘মোহর’ , ‘মিঠাই’, ‘রানী রাসমণি’ র মতো ধারাবাহিকের জন্য জি বাংলা বয়কটের ডাক উঠেছিল ধারাবাহিকের ভক্তদের।
এখানে আকাশ নীল ধারাবাহিক শেষ হওয়ার খবরে তাদের ফ্যানসদের লড়াই ছিল চোখে পড়ার মতো। সেই লড়াই গড়িয়েছিল স্টুডিয়ো পাড়া অবধিও, অন্যদিকে মোহর সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার খবর রটা মাত্রই জি বয়কটের হ্যাশট্যাগ জুড়ে দিয়েছিল ফ্যানেরা, লড়াই ছিল মিঠাইয়ের জন্যও। তবে শেষ অবধি জয়ী হয়েছিল দর্শকেরাই। দর্শকের চাপে পরেই চ্যানেল সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়, এরকম দৃশ্য আগেও দেখা যায়।
কিছুদিন আগে অভিনেতা গৌরব রায় চৌধুরীর অভিনীত এক মেগা ‘পুবের ময়না’র শুটিং শেষ হয়ে গিয়েছিল তবে দর্শক ক্ষোভে ফেটে পড়ায় আবারও ধারাবাহিক ফিরিয়ে আনেন চ্যানেল কর্তৃপক্ষ তবে সেই ধারাবাহিকের টিআরপি তলানিতে যাওয়ায় ফিরিয়ে এনেও খুব বেশিদিন চালাতে পারেননি চ্যানেল। ধারাবাহিকের নায়ক গৌরব নিজেই সেইসময় জানিয়েছেন, “দর্শকের ভালবাসাতেই আমরা শুটিং শেষ করেও আবার ফিরেছি যা ইতিহাসে রেকর্ড গড়ল’।
তাহলে এবারও কি তেমন কিছু ঘটবে? চিরদিনই তুমি যে আমার ফ্যানসদের লড়াইয়ে কি আশার আলো দেখা যাবে এই মেগাকে ঘিরে। অতীতের পুনরাবৃত্ত ঘটনা কি ঘটবে? সেটা শুধু সময়ের অপেক্ষা।

