“গান গেয়ে সংসার চালানোটা কঠিন… পারিশ্রমিকই পাই না আমরা…”, সঙ্গীত জগৎ নিয়ে বিস্ফোরক ইন্ডিয়ান আইডল খ্যাত অভিজিৎ সাওয়ান্ত, অরিজিতের পর এবার প্লে ব্যাক ছাড়ার পরিকল্পনা গায়কের

অভিজিৎ সাওয়ান্ত

প্লেব্যাক সিঙ্গিং থেকে বিরতি নিলেন অরিজিৎ সিং, এই খবর ছড়াতেই রীতিমতো তোলপাড় হয়েছে নেটপাড়া। বলিউড থেকে টলিউড, সর্বত্র এখন শুধু এটাই চর্চার বিষয়। অরিজিৎ সিং এর পর এবার একই পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন ইন্ডিয়ান আইডল খ্যাত অভিজিৎ সাওয়ান্ত।

এমনকি সঙ্গীত জগৎ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ইন্ডিয়ান আইডলের প্রথম সিজনের বিজয়ী অভিজিৎ সাওয়ান্ত। সম্প্রতি সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন তিনি ভীষণ বিরক্ত প্লেব্যাক সিঙ্গিং নিয়ে।

মিউজ়িক ইন্ডাস্ট্রির নিয়মকানুন নাকি এমন, যেখানে গায়ককে শুষে নেওয়া হয়, তাদের পারিশ্রমিকও ন্যায্য নয়। এমনই অভিযোগ করেন অভিজিৎ।

ছবির গানে পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করা হলে অভিজিৎ বলেন, “ইন্ডাস্ট্রিতে কেউ চায় না গায়ক ছবির চেয়েও বড় হয়ে উঠুক। সেই কারণেই একটি নির্দিষ্ট অঙ্কের মধ্যেই আমাদের পারিশ্রমিক বেঁধে দেওয়া হয়। আজও ছবির গানের জন্য গায়কদের রয়্যালটি দেওয়া হয় না। এর ফলে গায়কদের অর্থের দিক থেকেও খুব কম পারিশ্রমিকে সন্তুষ্ট থাকতে হয়।”

‘পশ্চিমী দুনিয়ায় যারা কাজ করেন তারা নিজেদের গানের স্বত্ব বিক্রি করেই সারা জীবন কাটিয়ে দেন। কিন্তু আমাদের সারাজীবন অর্থের জন্য গান গেয়ে যেতে হয়। আমরা কিন্তু গান গেয়ে আমাদের সংসার চালানোর মত মতো টাকাও পাই না।’

গায়করাও অনেক সময় সুযোগের লোভে নিজেরাই আপস করে নেন। তাদের মনে হয়, ‘এই গানটা যদি আমার কণ্ঠে মুক্তি পায়, আর কোনও বড় তারকা যদি তাতে লিপ-সিঙ্ক করেন, তাহলে এই গানটাই আমাকে সারাজীবন বাঁচিয়ে দেবে।’ তাই অনেক সময় গায়করা টাকা চাইতেও চান না। শুধু গানটা গাওয়ার সুযোগ বা কোনও নির্দিষ্ট প্রযোজকের সঙ্গে কাজ করার আগ্রহেই আমাদের যা দেওয়া হয়, সেটাই মেনে নিই। না নিলে আর কেউ না কেউ করে নেবে। এই ভয়টা থেকেই যায়। ফলত আমরা বারবার শোষণের শিকার হই।”

ইতিমধ্যেই বেশ কিছু মারাঠি ছবিতে গান গেয়েছেন অভিজিৎ। রয়েছে বেশ কিছু মিউজিক অ্যালবামও। কিন্তু এত কিছুর পরেও বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে নিতে পারেননি। তবুও ধীরে ধীরে নিজের প্রতিভা আর সাফল্যের জোরে তিনি পৌঁছে যান সঙ্গীতজগতের শীর্ষে।