
বাংলা টেলিভিশন জগতে এমন অনেক অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন, যাদের হয়ত অভিনয় করার বদলে স্বপ্ন ছিল অন্য কোন মনের মত পেশা বেছে নেওয়া। তাদের মধ্যেই একজন হলেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ। এই মুহুর্তে যাকে ‘চিরসখা’র কমলিনী হিসাবেই সকলে চেনেন।
অপরাজিতা একজন গুণী অভিনেত্রী সেটা বলার অপেক্ষা রাখে না। তবে পর্দায় এত সুন্দর অভিনয় করলেও তার নাকি কখনো অভিনেত্রী হওয়ার ইচ্ছেই ছিল না।
একবার আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে অপরাজিতা জানিয়েছিলেন, “আমি ভেবেছিলাম বিজ্ঞাপনে কাজ করব অথবা সাংবাদিকতা করব। পড়াশোনাটাও সে ভাবেই করি। ইংরেজিতে স্নাতক। তার পরে সাংবাদিকতায় স্নাতকোত্তর করি। যখন ‘একদিন প্রতিদিন’ সিরিয়াল করেছি, তখনও দর্শকের তরফে খুব ভাল সাড়া পেয়েছি। তখনও ভাবতাম, সিরিয়ালটা শেষ হলেই চাকরি খুঁজতে বেরোব।”
অপরাজিতা বলেন, “আমি একটা মিডিয়া অফিসে চাকরি করতাম। কিন্তু জায়গাটা সুবিধার মনে হয়নি তাই চাকরিটা ছেড়ে দেই। ঠিক সেইসময় ‘ইতি শ্রীকান্ত’-এর প্রস্তাব আসে। তারপর থেকে একের পর কাজের সুযোগ।”
অপরাজিতা বলেন, যখন অভিনয় জগতে ঢোকেন তার অভিনয় সম্পর্কে কোনও অভিজ্ঞতাই ছিল না। ক্যামেরার সেন্স ছিল। একাধিকবার ভুল করতে করতে শিখেছেন।
