
বাংলা সিনেমার হার্টথ্রব অভিনেত্রী শতাব্দী রায়। পর্দায় দাপিয়ে অভিনয়ের পাশাপাশি ছেলে মেয়েকে মানুষ করা, গুছিয়ে সংসার করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন এবং বর্তমান সময়ের প্রেম-বিয়ে নিয়ে তার করা কিছু মন্তব্য সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে।
পর্দার রোমান্টিক নায়িকা বাস্তব জীবনের প্রেম ও সম্পর্ক নিয়ে যে এতটা কঠোর হতে পারেন, তা অভিনেত্রীর মন্তব্যে বেশ স্পষ্ট। বর্তমান প্রজন্মের সম্পর্কের সমীকরণ নিয়ে শতাব্দী বলেন, “এখন প্রেম মাস বা দিনে নয়, বরং ঘণ্টায় নেমে এসেছে।”
শতাব্দীর বিতর্কিত মন্তব্যটি ছিল তার মেয়ের বিয়ে প্রসঙ্গে। শতাব্দী জানান, তার মেয়ে এখন অষ্টম শ্রেণীতে পড়ে, কিন্তু তিনি এখন থেকেই নিজেকে মানসিকভবে প্রস্তুত করছেন।
মেয়ের পছন্দ বা বিয়ে নিয়ে শতাব্দী সাফ জানান, “যদি মেয়ে এমন কাউকে বিয়ে করে যা আমি সহ্য করতে পারব না, তবে আমি কোনো ধুমধাম বা খরচ করব না। শুধু ওদের ডেকে রেজিস্ট্রি করিয়ে দেব আর দরজা থেকে টা-টা করে দেব। তারপর আমার সাথে আর কোনো যোগাযোগ থাকবে না।”
অভিনেত্রীর মতে, এখনকার ছেলে-মেয়েদের হাতে প্রচুর অপশন থাকায় তাদের মধ্যে ধৈর্য কমে গিয়েছে। লিভ-ইন রিলেশনশিপ নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, আট-দশ বছর লিভ-ইন করলে বিয়ে করে নেওয়াই শ্রেয়।
