“আমাকে বলা হয়েছিল আমি বেশিদিন টিকবো না.. একসময় সাইড রোলে কাজ করেছি…” মুখ খুললেন উদয়

উদয়

দেখতে দেখতে এক বছর পার করল পরিণীতা। নিম ফুলের মধু-র পর রাত ৮টার স্লটে ফের বাজিমাত করে চলেছে এই বেঙ্গল টপার ধারাবাহিক। ২০২৪ সালের ১১ই নভেম্বর থেকে পথচলা শুরু হয়েছিল রায়ান-পারুলের। শুরুতে অনেকেই এই মেগাকে খুব বিশেষ পাত্তা দেয়নি। প্রোমো আউট হওয়ার পর অনেকেই দাবি করেছিলেন এই ধারাবাহিক খুব বেশিদিন টিকবে না।

বাংলা টপার ধারাবাহিক হওয়ার পরেই নিজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ধারাবাহিকের নায়ক রায়ান ওরফে অভিনেতা উদয় প্রতাপ সিংহ। এর আগে একাধিক ধারাবাহিকে উদয় পার্শ্বচরিত্রে কাজ করেছেন। মিঠাই ধারাবাহিকের হাত ধরেই রাতারাতি জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা। এই প্রথম নায়কের চরিত্রে তার অভিনয়।

নতুন নায়িকা, আবার হিরোর রোলে উদয়! সেই নিয়েও ছিল নাক সিটকানি। এতদিন সাইড রোলে অভিনয় করার পর উদয়কে নায়কের চরিত্রে মানাবে না এমনটাও ধারনা ছিল অনেকের।

তবে উদয়ের উপর আস্থা রেখেছিল জি বাংলা। একবছর হতে না হতেই নেটিজেনদের সমস্ত ভাবনায় জল ঢেলে দিয়েছে রায়ান-পারুল ওরফে উদয়-ঈশানী।

এই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলাকে উদয় বলেছিলেন, ‘আমাদের প্রথমদিকে কেউ সিরিয়ালসি নেয়নি। নায়িকা নতুন, আমি এতদিন ধরে পার্শ্ব চরিত্রে কাজ করেছি। তাই আমাদের থেকে কেউ বিশেষ আশা রাখেনি, প্রথমে অনেক সমালোচনা হয়েছে, লোকে ভেবেছিল বেশিদিন টিকবে না। তবে আমি খুশি যে দর্শক আমাদেরকে, আমাদের কাহিনিকে গ্রহণ করেছে।’