‘বাড়ি ফিরে খুব কাঁদতাম…আমাকে শুনতে হত…’, মুখ খুললেন কোচবিহারের মেয়ে মৌনী রায়

মৌনী রায়

কোচবিহারের মেয়ে মৌনী রায় আজ বলিউডের খ্যাতনামা অভিনেত্রী। মাত্র ১৯ বছর বয়সেই একতা কপূরের হিট ধারাবাহিক ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’-তে কৃষ্ণা তুলসী ভিরানির চরিত্রে অভিনয় করে বলি পাড়ায় প্রথম পরিচিতি পান। তবে আজ মৌনীর সাফল্যের খুব সহজে আসেনি। বলি ইন্ডাস্ট্রিতে চলার পথটা অতটা সহজ ছিল না অভিনেত্রীর জন্য।

বলি ইন্ডাস্ট্রিতে পা রাখতেই সইতে হয়েছে অনেক কটাক্ষ। বয়সে অনেক ছোট ছিলেন বলে সেই সব অপমান মেনে নিতে পারতেন না, তাই বাড়ি এসে প্রচুর  কাঁদতেন মৌনী। অনেকবার হতাশা গ্রাস করত তাকে।

একসময় এক সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রির তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছিলেন বলি সুন্দরী। তিনি জানিয়েছিলেন, ‘আমি সত্যি কথা বলছি যখন আমি শুরু করি, এবং লোকজন তখন কথা বলত, আমি সবসময় শুনেছি, সবসময় জানতামও যে আমি ঘরের সবচেয়ে সুন্দরী মহিলা নই। এবং সেই নিয়ে আমি চিরকালই সন্তুষ্ট। কিন্তু যখন আমি বম্বে এলাম, এখানে অন্যরকম দেখতে হওয়াটা যেন সমস্যা, অর্থাৎ চিরাচরিত নায়িকা সুলভ দেখতে না হওয়াটা। ১৯ বছরের এক মেয়ের পক্ষে সেসব খুব কঠিন ছিল। আমি বাড়ি ফিরে প্রচণ্ড কান্নাকাটি করতাম। আমি শুনতে পেতাম ঘরে লোকজন আমাকে নিয়ে আলোচনা করছে। আমার প্রথম ২-৩ বছর ছিল শুধু আমাকে কেমন দেখতে এবং কেমন লাগছে।’

মৌনী আরও বলেন, ‘আমি যখন এখানে এসেছিলাম, হঠাৎ করে আমি তখন চুল কীভাবে বাঁধে বা মেকআপ কী করে বা নিজেকে কীভাবে পরিবেশন করতে হয় জানতাম না। কিন্তু সৌভাগ্যবশত আমি খুব ভাল পর্যবেক্ষণ করতে পারতাম এবং ঈশ্বর অবশেষে আমাকে সেই শক্তি দিয়েছিলেন যে ওই পরিস্থিতি কাটিয়ে উঠতে পেরেছি।’